স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদের নির্বাচন ৭ ধাপে করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি), যার প্রথম ধাপ হবে ১২ নভেম্বর। সোমবার (১৪ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনে বৈঠক শেষে এ তথ্য জানায় নির্বাচন কমিশন।
তবে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, সরকার এ বিষয়ে কিছু জানে না।
তিনি বলেন, নির্বাচন কমিশন যে তারিখগুলো ঘোষণা করেছে, এ ব্যাপারে স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং সরকারের সঙ্গে কোনো আলোচনা হয়নি। সরকার এ ব্যাপারে কিছু জানে না।
ইউপি নির্বাচনে কমিশন যে কর্মপরিকল্পনা নিয়েছে তা চূড়ান্ত নয় বলে জানান নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার।
তিনি বলেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে গতকাল যে বিস্তারিত ব্রিফিং দেয়া হয়েছে, তাতে বার বার বলা হয়েছে, এটি চূড়ান্ত নয়। সবকিছু বিবেচনায় নিয়ে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) একটি সিদ্ধান্তে আসা যাবে, ইনশাআল্লাহ।
পরে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানান। বলেন, আন্তঃমন্ত্রণালয় বৈঠকেই চূড়ান্ত হবে ভোটের দিনক্ষণ।
আখতার আহমেদ বলেন, বিভিন্ন মন্ত্রণালয় এবং আমাদের যারা ভোটগ্রহণ কার্যক্রমের সঙ্গে সরাসরি জড়িত, তাদের নিয়ে আমরা একটি মিটিং করব। মিটিংয়ের ইনপুটের বেসিসে কমিশন শিডিউল চূড়ান্ত করবে।
নির্বাচন ইস্যুতে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী অভিযোগের প্রতিক্রিয়াও জানান তিনি।
নির্বাচন কমিশনের সিনিয়র সচিব বলেন, প্রতিমন্ত্রী যে মন্তব্যটা করেছেন, সেটার ব্যাপারে কমেন্ট করার দৃষ্টতা আমি দেখাব না। আমার দিক থেকে কোনো মন্তব্য নেই।
কমিশন বিব্রত কিনা এমন প্রশ্নের কোনো জবাব দিতে রাজি নন ইসি সচিব।





