ঢাকা | রবিবার, ২২ নভেম্বর ২০২৬,৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসএসসির ফরম পূরণের সুযোগ না পাওয়ায় অভিভাবকদের বিক্ষোভ

মুন্সীগঞ্জের শ্রীনগরে এসএসসি পরীক্ষার ফরম পূরণের সুযোগ না পাওয়াকে কেন্দ্র করে অভিভাবক ও শিক্ষার্থীদের বিক্ষোভ, হট্টগোল ও বিদ্যালয়ে ভাঙচুরের চেষ্টার ঘটনা ঘটেছে। একপর্যায়ে বিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে শিক্ষক ও বার্ষিক পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের অবরুদ্ধ করে রাখা হয়। পরে একদল শিক্ষার্থী বিদ্যালয়ের জানালাসহ বিভিন্ন স্থাপনা ভাঙচুরের চেষ্টা চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রবিবার (২২ নভেম্বর) উপজেলার হাসাড়া কালীকিশোর উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছরের এসএসসি পরীক্ষার জন্য বিদ্যালয়টির ২০১ জন শিক্ষার্থী পরীক্ষার্থী হিসেবে নিবন্ধিত। তাদের মধ্যে নির্বাচনী (টেস্ট) পরীক্ষায় সব বিষয়ে উত্তীর্ণ হয়েছে মাত্র ৩৪ জন। পরবর্তী সময়ে বিশেষ বিবেচনায় আরও ৫৬ জনসহ মোট ৯০ জনকে ফরম পূরণের অনুমতি দেয় বিদ্যালয় কর্তৃপক্ষ। তবে বাকি ১১১ জনের ফরম পূরণের বিষয়ে কোনো সিদ্ধান্ত না আসায় ক্ষুব্ধ হয়ে ওঠেন শিক্ষার্থী ও অভিভাবকরা।

অভিভাবকদের অভিযোগ, গত ১৫ নভেম্বর থেকে তাঁরা নিয়মিত বিদ্যালয়ে এসে ফরম পূরণের বিষয়ে সিদ্ধান্ত জানতে চাইলেও প্রধান শিক্ষক ও সভাপতির দেখা পাননি। সহকারী শিক্ষকেরা প্রধান শিক্ষক ও সভাপতির সঙ্গে কথা বলে সিদ্ধান্ত জানানোর আশ্বাস দিলেও চার দিন পার হওয়ার পরও কোনো সমাধান মেলেনি। অথচ সোমবার ফরম পূরণের শেষ দিন। এমন পরিস্থিতিতে বাধ্য হয়ে তাঁরা বিক্ষোভে নামেন।

শিক্ষার্থীদের অভিযোগ, বিদ্যালয়ের পাঠদানের মান সন্তোষজনক নয়। শিক্ষকদের কাছে প্রাইভেট না পড়লে ইচ্ছাকৃতভাবে টেস্ট পরীক্ষায় অকৃতকার্য দেখানো হয়। ২০১ জন পরীক্ষার্থীর মধ্যে মাত্র ৩৪ জন সব বিষয়ে উত্তীর্ণ হওয়ার বিষয়টি নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা। তাঁদের দাবি, শিক্ষকদের কাছে প্রাইভেট না পড়ায় টেস্ট পরীক্ষায় অকৃতকার্য দেখিয়ে এসএসসি পরীক্ষার ফরম পূরণের সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে।

এক অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, এক সপ্তাহ ধরে প্রতিদিন বিদ্যালয়ে আসতে বলা হচ্ছে। অথচ সোমবার ফরম পূরণের শেষ দিন। আজ পর্যন্ত কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। উল্টো বিদ্যালয়ে এসে হট্টগোলের মুখে পড়তে হচ্ছে।

এদিকে, বিদ্যালয়ে উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে এক অভিভাবক অসুস্থ হয়ে মাঠে পড়ে যান বলে জানা গেছে।

বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আব্দুল বারী বলেন, আজ প্রধান শিক্ষকের বিদ্যালয়ে আসার কথা ছিল। তবে হট্টগোলের কারণে তিনি আসেননি। তিনি অসুস্থ থাকায় এ বিষয়ে কোনো সিদ্ধান্ত জানানো সম্ভব হচ্ছে না।

বিদ্যালয়ের একাডেমিক সুপারভাইজার প্রদীপ চন্দ্র পাল বলেন, বিদ্যালয়ে হট্টগোলের বিষয়টি এখনো কর্তৃপক্ষ তাঁদের জানায়নি। তবে টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ না হওয়া শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার বিষয়ে সভার মাধ্যমে একটি সিদ্ধান্ত হয়েছে। সেই সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষার্থীদের ফরম পূরণের অনুমতি দেওয়া হচ্ছে।

এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।