প্রায় ছয় হাজার শিক্ষার্থীর স্বাস্থ্যসেবার অন্যতম ভরসাস্থল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) মেডিকেল সেন্টার। অথচ চিকিৎসক সংকট, ইনডোর শয্যার অভাব, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা না থাকা, ল্যাব টেকনিশিয়ান ও সহযোগী জনবল সংকটসহ নানা সমস্যায় জর্জরিত প্রতিষ্ঠানটি। দীর্ঘদিন ধরে এসব সমস্যার সমাধান না হওয়ায় প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন শিক্ষার্থীরা।
মেডিকেল সেন্টার সূত্রে জানা যায়, দেড় বছর আগেও সেখানে আটজন চিকিৎসক কর্মরত ছিলেন। বর্তমানে চিকিৎসকের সংখ্যা কমে দাঁড়িয়েছে মাত্র তিনজনে। তাঁদের মধ্যে সকালে দুজন এবং বিকেলে একজন চিকিৎসক দায়িত্ব পালন করছেন। বৃহস্পতিবার অর্ধদিবস একজন চিকিৎসক দিয়ে সেবা পরিচালিত হয় এবং শুক্রবার মেডিকেল সেন্টার বন্ধ থাকে। এ ছাড়া আগে কর্মরত দুজন পার্টটাইম চিকিৎসকও প্রায় দেড় বছর ধরে নেই। ফলে চিকিৎসাসেবা নিতে এসে শিক্ষার্থীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে।
আইসিটি বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী আশরাফুল আলম হৃদয় বলেন, মেডিকেল সেন্টারে পর্যাপ্ত চিকিৎসক ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা নেই। অনেক ক্ষেত্রে রোগ অনুযায়ী চিকিৎসা না দিয়ে সাধারণ ওষুধ দিয়েই দায়িত্ব শেষ করা হয়। বিশেষ করে ছুটির দিনগুলোতে চিকিৎসক না থাকায় শিক্ষার্থীরা বেশি ভোগান্তিতে পড়েন। জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্স পেতেও জটিলতা তৈরি হয়। তাঁর দাবি, সার্বক্ষণিক অভিজ্ঞ চিকিৎসক নিয়োগ, ছুটির দিনেও চিকিৎসাসেবা চালু এবং অ্যাম্বুলেন্স সেবা সহজলভ্য করতে হবে।
ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সমাপ্তি খান বলেন, মেডিকেল সেন্টারে অধিকাংশ ক্ষেত্রে সাধারণ ওষুধ দেওয়া হয়, অন্যথায় টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা না থাকায় বাইরে থেকে পরীক্ষা করাতে হয়। বিশেষ করে নারী শিক্ষার্থীদের জন্য আগে চালু থাকা গাইনি চিকিৎসকের বিশেষায়িত সেবাও বর্তমানে বন্ধ। পাশাপাশি অ্যাম্বুলেন্স ব্যবহারের ক্ষেত্রেও শিক্ষার্থীদের ভোগান্তির অভিযোগ রয়েছে। তিনি প্রয়োজনীয় ওষুধ, পরীক্ষা-নিরীক্ষা, নারী শিক্ষার্থীদের বিশেষায়িত চিকিৎসাসেবা এবং জরুরি রোগী পরিবহনে অ্যাম্বুলেন্সের সহযোগিতা নিশ্চিত করার দাবি জানান।
মেডিকেল সেন্টারের উপপ্রধান মেডিকেল অফিসার ডা. আহম্মদ হোসেন সিদ্দিকী বলেন, ‘দেড় বছর আগেও মেডিকেল সেন্টারে আটজন চিকিৎসক কর্মরত ছিলেন। তবে বর্তমানে চিকিৎসকের সংখ্যা কমে দাঁড়িয়েছে মাত্র তিনজনে। তাঁদের মধ্যে সকালের শিফটে দুজন এবং বিকেলের শিফটে মাত্র একজন চিকিৎসক দায়িত্ব পালন করছেন। ফলে চিকিৎসাসেবা নিতে আসা সাধারণ শিক্ষার্থীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে।’
তিনি জানান, মেডিকেল সেন্টারে ইনডোর শয্যার কোনো সুবিধা নেই। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা না থাকায় অনেক ক্ষেত্রে শিক্ষার্থীদের বাইরের হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের ওপর নির্ভর করতে হচ্ছে।
অ্যাম্বুলেন্স সেবার দুর্বলতা নিয়েও শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ রয়েছে। এর একটি মর্মান্তিক উদাহরণ ২০২৬ সালের ২৩ জুলাই গভীর রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আইসিটি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী মনিরুজ্জামান মনিরের (২১) মৃত্যু। জানা যায়, গভীর রাতে বৈদ্যুতিক তারে হাত লেগে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় জরুরি ভিত্তিতে অ্যাম্বুলেন্স পেতে জটিলতা ও বিলম্বের কারণে তাঁকে অটোরিকশায় করে টাঙ্গাইল সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনা বিশ্ববিদ্যালয়ের জরুরি স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।
মেডিকেল সেন্টারের সার্বিক সংকট, চিকিৎসক ও প্রয়োজনীয় জনবল নিয়োগ এবং চিকিৎসাসেবার সীমাবদ্ধতা নিয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম বলেন, ‘আমি গত জুলাই মাসে দায়িত্ব গ্রহণ করেছি। মেডিকেল সেন্টারের প্রয়োজনীয়তা ও জনবলসংক্রান্ত ঘাটতির বিষয়ে বিস্তারিত তথ্য এখনো আমার কাছে নেই। এ বিষয়ে সংশ্লিষ্ট মেডিকেল বডির সদস্যদের ডেকে পাঠানো হলেও তাঁরা মেডিকেল সেন্টারের কী কী প্রয়োজন এবং কোথায় কোথায় ঘাটতি রয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। তবে দ্রুত এসব সমস্যা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।’
চিকিৎসকসংকটের বিষয়ে উপাচার্য জানান, মেডিকেল সেন্টারে বিধিমালা অনুযায়ী কতজন চিকিৎসক থাকার কথা এবং বর্তমানে কতজন কর্মরত রয়েছেন, তা খতিয়ে দেখা হবে। চিকিৎসকের ঘাটতি থাকলে প্রয়োজনীয় নিয়োগের জন্য খুব শিগগিরই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। পাশাপাশি দীর্ঘদিন ধরে বন্ধ থাকা পার্টটাইম চিকিৎসক নিয়োগের বিষয়টিও পর্যালোচনা করা হবে।
ল্যাবরেটরি সেবার সীমাবদ্ধতা, দীর্ঘদিন ধরে ডেঙ্গু পরীক্ষার কিট না থাকা, থাইরয়েড পরীক্ষার ব্যবস্থা না থাকা এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার সংকটের বিষয়ে উপাচার্য জানান, ল্যাবের জন্য প্রয়োজনীয় টেকনিশিয়ান বিশ্ববিদ্যালয়ের বিধিমালা অনুযায়ী নিয়োগ দেওয়া হবে। একই সঙ্গে নারী রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় সহযোগী নিয়োগের উদ্যোগ নেওয়া হবে।
ইনডোর শয্যা ও ভর্তি থেকে চিকিৎসা নেওয়ার ব্যবস্থা না থাকার বিষয়ে তিনি জানান, মেডিকেল সেন্টারে ইনডোর সার্ভিস চালু করা হবে। এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে, যাতে শিক্ষার্থীরা মেডিকেল সেন্টারেই ভর্তি থেকে চিকিৎসাসেবা নিতে পারেন।
অ্যাম্বুলেন্স সেবার ভোগান্তি নিরসনে উপাচার্য বলেন, একটি অ্যাম্বুলেন্স মেডিকেল সেন্টারের তত্ত্বাবধানে রাখার ব্যবস্থা করা হবে। এতে জরুরি রোগীদের প্রয়োজনে দ্রুত অ্যাম্বুলেন্স সেবা দেওয়া সম্ভব হবে এবং অ্যাম্বুলেন্স পেতে দীর্ঘসূত্রতা কমবে।
মেডিকেল অ্যাডভাইজরি কমিটির সদস্য ও তাঁদের দায়িত্ব সম্পর্কে উপাচার্য জানান, কমিটিতে কারা রয়েছেন এবং তাঁদের কার্যক্রম কী, তা খোঁজ নিয়ে জানানো হবে। তিনি আরও বলেন, মেডিকেল সেন্টারের সার্বিক সমস্যাগুলো খতিয়ে দেখে চিকিৎসক নিয়োগ, ল্যাব টেকনিশিয়ান ও সহযোগী নিয়োগ, নারী রোগীদের সেবা, ইনডোর চিকিৎসা এবং অ্যাম্বুলেন্স ব্যবস্থাপনাসহ সব সমস্যার সমাধানে দ্রুত উদ্যোগ নেওয়া হবে। ইনশাআল্লাহ, খুব শিগগিরই এসব সমস্যার সমাধান করা হবে।
মেডিকেল সেন্টারের বর্তমান চিত্রে দেখা যায়, মাসে মাত্র একদিন আলট্রাসনোগ্রাম করার সুযোগ রয়েছে। প্রায় সাত বছর ধরে ল্যাব টেকনিশিয়ান ও প্রয়োজনীয় সহযোগী জনবল নিয়োগের কথা থাকলেও তা বাস্তবায়িত হয়নি। পাশাপাশি পর্যাপ্ত ইউরিন পরীক্ষা, ডেঙ্গু পরীক্ষার কিট, থাইরয়েড পরীক্ষার ব্যবস্থা ও নারী রোগীদের জন্য প্রয়োজনীয় সহযোগীর অভাব রয়েছে। এসব সীমাবদ্ধতার কারণে প্রয়োজনীয় চিকিৎসাসেবা পেতে শিক্ষার্থীদের বাইরের হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের ওপর নির্ভর করতে হচ্ছে।





