ঢাকা | রবিবার, ২২ নভেম্বর ২০২৬,৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসএসসির ফল জালিয়াতি: শিক্ষা বোর্ডের প্রোগ্রামারসহ গ্রেফতার ৩

২০২৬ খ্রিষ্টাব্দের এসএসসি পরীক্ষার ফল জালিয়াতির অভিযোগে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রোগ্রামারসহ তিন কর্মচারীকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেফতার ব্যক্তিরা হলেন বোর্ডের প্রোগ্রামার মো. আবদুল মালেক এবং স্ক্যানিং বিভাগের কর্মী ফরহাদুল ইসলাম ও শহিদুল আলম জিসান।

বুধবার (১৮ নভেম্বর) রাতে সিআইডির ঢাকা হিনিয়াস ক্রাইম শাখার পুলিশ পরিদর্শক মো. রাসেলের নেতৃত্বে অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়। পরে তাঁদের থানায় সোপর্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক। তিনি জানান, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার ফল জালিয়াতির অভিযোগে এক শিক্ষার্থীসহ বোর্ডের তিন কর্মচারীর বিরুদ্ধে মামলা হয়েছে। বোর্ডের সচিব মামলাটির বাদী।

গ্রেফতার ফরহাদুল ইসলামের বাড়ি আনোয়ারা উপজেলায়, শহিদুল আলম জিসানের বাড়ি চট্টগ্রাম মহানগরীর হালিশহরে এবং আবদুল মালেকের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে।

সিআইডির তদন্ত কর্মকর্তা পরিদর্শক রাসেল জানান, জালিয়াতিতে সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় ফলাফল প্রস্তুতের দায়িত্বে থাকা কম্পিউটার বিভাগের তিন কর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের মধ্যে কেউ কেউ ১৩ বছর ধরে একই দায়িত্বে রয়েছেন। এ ঘটনায় অন্য কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৬ খ্রিষ্টাব্দের এসএসসি পরীক্ষায় ১০ বিষয়ে অকৃতকার্য এক শিক্ষার্থীর নম্বর বাড়িয়ে পাস করানোর চেষ্টা করা হয়। এ ঘটনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কম্পিউটার সেলের তিন কর্মচারী ও ওই শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করা হয়।

এর আগেও চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার ফল জালিয়াতির অভিযোগ উঠেছিল। ওই ঘটনায় পুলিশ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দিলেও বিভিন্ন অসংগতি থাকায় আদালত তা গ্রহণ করেননি।