ঢাকা | মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬,৩ ভাদ্র ১৪৩৩

বৈরী আবহাওয়ায় পদার্থবিজ্ঞান পরীক্ষা দিতে না পারা পরীক্ষার্থীদের নিবন্ধন শুরু হচ্ছে

বৈরী আবহাওয়ায় এইচএসসির পদার্থবিজ্ঞান পরীক্ষা দিতে না পারা পরীক্ষার্থীদের নিবন্ধন শুরু হচ্ছে। অনলাইনে নিবন্ধন করতে বোর্ডগুলো একটা ব্যবস্থা নেবে। এর মধ্যে পরীক্ষার্থীর নাম, পরীক্ষার্থীর বোর্ডের নাম, জেলার নাম ইত্যাদি থাকবে। তিন দিন সময় দিয়ে নিবন্ধন করতে বলা হবে। নিবন্ধন শেষ হলে পদার্থবিজ্ঞান পরীক্ষার তারিখ ঘোষণা করবে বোর্ডগুলো।

মঙ্গলবার (২১ জুলাই) শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানিয়েছেন।

এর আগে বৈরী আবহাওয়ায় পদার্থবিজ্ঞান পরীক্ষা দিতে পারেনি বলে দাবি করেন পরীক্ষার্থীদের একাংশ। এসময় সংসদে শিক্ষামন্ত্রী জানান, বৈরি আবহাওয়ার কারণে যে সব শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেননি, চট্টগ্রাম বোর্ডের সঙ্গে তারা অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা দিতে পারবেন। গত ১৫ জুলাই তিনি আরো বলেন, সম্প্রতি ভারি বর্ষণ ও বৈরি আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এছাড়া চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বাইরেও দেশের কিছু জেলায় বিচ্ছিন্নভাবে কিছু পরীক্ষার্থী বৈরী আবহাওয়া ও বিভিন্ন কারণে নির্ধারিত পরীক্ষায় অংশ নিতে পারেনি। এ অবস্থায় প্রতিকূল আবহাওয়া কিংবা সংশ্লিষ্ট অনিবার্য কারণে যারা চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ এর কোনো বিষয়ে অংশ নিতে পারেনি, তারা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ইতোমধ্যে স্থগিত হওয়া সংশ্লিষ্ট বিষয়ের অভিন্ন প্রশ্নপত্রে, শিক্ষা মন্ত্রণালয় নির্ধারিত একই তারিখ ও সময়ে পরীক্ষায় অংশ নিতে পারবে বলে জানান তিনি।