ঢাকা | মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬,১০ ভাদ্র ১৪৩৩

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম হুসেইন মোহাম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা এরশাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৮টায় রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন। তিনি চ্যানেল24-কে বলেন, তার (বিদিশা এরশাদ) বিরুদ্ধে প্রতারণার মামলা রয়েছে। সেই মামলায় দুই বছরের সাজাও হয়েছে। ওয়ারেন্ট থাকায় আজ রাত সাড়ে ৮টার দিকে গুলশানের একটি রেস্টুরেন্টে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে ২০ মে প্রতারণার অভিযোগে রাজধানীর গুলশান থানায় করা মামলায় বিদিশা এরশাদের দুই বছরের কারাদণ্ড দেন ঢাকার আদালত। কারাদণ্ডের পাশাপাশি বিদিশা এরশাদকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে; অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

মামলার নথি অনুযায়ী, রাজধানীর একটি ফ্ল্যাট বিক্রির কথা বলে প্রতারণার অভিযোগে ২০০৮ সালে গুলশান থানায় মামলাটি করেন এক ব্যবসায়ী।