চলমান এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র গ্রহণ, সংরক্ষণ, পাঠানো ও বিতরণে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেয়া হয়েছে। সংশ্লিষ্ট সব কর্মকর্তা, কক্ষ পরিদর্শক ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের প্রয়োজনীয় নির্দেশনা দেয়া এবং নির্দেশনাগুলো কঠোরভাবে অনুসরণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়।
মঙ্গলবার (৭ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির এক চিঠিতে এ তথ্য জানানো হয়। এ চিঠি সব কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়, এইচএসসি পরীক্ষা-২০২৬ সুষ্ঠু, স্বচ্ছ ও প্রশ্নপত্রের সর্বোচ্চ গোপনীয়তা নিশ্চিত করার লক্ষ্যে কেন্দ্রে প্রশ্নপত্র গ্রহণ, সংরক্ষণ, পরীক্ষা কক্ষে পাঠানো এবং পরীক্ষার্থীদের মধ্যে বিতরণের প্রতিটি ধাপে অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে।
বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে, পরীক্ষার কক্ষে প্রয়োজনের অতিরিক্ত কোনো প্রশ্নপত্র দেয়া যাবে না। প্রশ্নপত্র বিতরণ শেষে অব্যবহৃত প্রশ্নপত্র তাৎক্ষণিকভাবে নির্ধারিত পদ্ধতিতে নিরাপদে সংরক্ষণ করতে হবে এবং কোনো অবস্থাতেই প্রশ্নপত্র বা তার কোনো অংশ পরীক্ষা কক্ষের বাইরে নেয়া যাবে না।
এ বিষয়ে সংশ্লিষ্ট সব কর্মকর্তা, কক্ষ পরিদর্শক ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান এবং নির্দেশনাগুলো কঠোরভাবে অনুসরণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।





