ঢাকা | বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬,৩ বৈশাখ ১৪৩৩

গুচ্ছের ‘বি’ ইউনিটে প্রথম ব্রাহ্মণবাড়িয়ার মিজানুর


গুচ্ছভুক্ত (জিএসটি) ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার মানবিক অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে। এতে সর্বোচ্চ নম্বর ৮১.৫ পেয়ে প্রথম হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজের শিক্ষার্থী মিজানুর রহমান। তিনি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় অংশ নেন। মিজানুর ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ১ নং বুধন্তি ইউনিয়নের খাতাবাড়ী গ্রামের বাসিন্দা। সোমবার ভর্তি পরীক্ষার কোর কমিটির সচিব ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রকাশিত ফলাফলের পরিসংখ্যান অনুযায়ী, ‘বি’ ইউনিটে মোট আবেদনকারী ছিলেন ৯৩ হাজার ১০২ জন। এরমধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ৭৫ হাজার ৭৫৫ জন শিক্ষার্থী, যা মোট আবেদনকারীর ৮২ শতাংশ। অনুপস্থিত ছিলেন ১৬ হাজার ৩৪৭ জন (১৮ শতাংশ)। এবারের পরীক্ষায় পাসের হার ৬০.৫ শতাংশ। অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে পাস নম্বর (৩০-এর বেশি) পেয়ে ভর্তির প্রাথমিক যোগ্যতা অর্জন করেছেন ৪৬ হাজার ৬৩০ জন। অন্যদিকে ৩০-এর কম নম্বর পেয়ে অকৃতকার্য হয়েছেন ৩০ হাজার ৮৯ জন (৩৯ শতাংশ)। এছাড়া রোল নম্বর ও পরিচয়পত্র পূরণে ভুলের কারণে ৩৬ জন শিক্ষার্থীর খাতা বাতিল করা হয়েছে। এছাড়া পরীক্ষায় সর্বনিম্ন প্রাপ্ত নম্বর ছিল মাইনাস ১৬.২৫ (-১৬.২৫)।

প্রথম হওয়া মিজানুর রহমান বলেন, কাঁচামালের ব্যবসায়ী আব্বুই আমার মূল অনুপ্রেরণা। মধ্যবৃত্ত পরিবারের পাঁচ ভাইবোনের মধ্যে আমি তৃতীয়। আমার বাবা-মা কেউই তেমন শিক্ষিত নয়। বাবার প্রাতিষ্ঠানিক শিক্ষা একদমই নেই আর মা ষষ্ঠ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন। আমি পরীক্ষা দিয়েই বন্ধুদের সঙ্গে গল্প করছিলাম, ‘প্রথম ১০ জনের মধ্যে থাকতে পারি’। আজ প্রথম হয়ে খুবই ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। এছাড়া আইন অঙ্গনে কাজ করতে আগ্রহী হওয়ায় আমি ইতোমধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হয়েছি।

প্রসঙ্গত, ভর্তিচ্ছু শিক্ষার্থীরা গুচ্ছভুক্ত পরীক্ষার অফিসিয়াল ওয়েবসাইট থেকে তাদের ফলাফল দেখতে পারবেন। প্রাথমিকভাবে উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তীতে নির্ধারিত প্রক্রিয়ায় বিভাগ ও বিশ্ববিদ্যালয় পছন্দক্রম পূরণ করতে হবে।