ঢাকা | বুধবার, ২২ এপ্রিল ২০২৬,৯ বৈশাখ ১৪৩৩

পাবিপ্রবিতে গুচ্ছের সি ইউনিটে উপস্থিতি ৭৮.৫৭ শতাংশ


পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) কেন্দ্রে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের গুচ্ছের ‘সি’ ইউনিটের (বাণিজ্য ) ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীর উপস্থিতির হার ৭৮.৫৭ শতাংশ।‎

শুক্রবার (২৭ মার্চ) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৩ এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সি ইউনিটে পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছিলেন ১,২৫৯ জন শিক্ষার্থী। এর মধ্যে ৯৯৭ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং ২৭২ জন অনুপস্থিত ছিলেন। উপস্থিতির হার ছিল মোট ৭৮.৫৭ শতাংশ।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. নজরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. শামীম আহসান পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।

পরীক্ষা শেষে উপ-উপাচার্য অধ্যাপক ড. নজরুল ইসলাম বলেন, “ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। আমরা কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হইনি। প্রশাসনের পক্ষ থেকে অভিভাবকদের বসার ব্যবস্থা করা হয়েছে।

এসময় তিনি আরো বলেন, বিশৃঙ্খলা এড়াতে ছেলে-মেয়েদের জন্য পৃথক গেটের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছাতে যেন কোনো সমস্যা না হয়, সে জন্য রোভার স্কাউটকে দায়িত্ব দেওয়া হয়েছিল। এছাড়াও ভর্তি পরীক্ষায় সার্বিকভাবে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ।”