ঢাকা | শনিবার, ২ মে ২০২৬,১৯ বৈশাখ ১৪৩৩

মদ্যপান ছেড়ে এখন সবচেয়ে সুখী মানুষ ‘স্পাইডারম্যান’ খ্যাত টম হল্যান্ড

মদ্যপান ছেড়ে দেওয়ায় এখন জীবনের সেরা সময় পার করছেন হলিউড অভিনেতা টম হল্যান্ড। সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘স্পাইডারম্যান’ খ্যাত এই তারকা জানান, মদ্যপান তার পেশাগত জীবনে বাধা হয়ে দাঁড়াচ্ছিল এবং এটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্তই তার ক্যারিয়ারকে নতুন উচ্চতায় নিয়ে গেছে।

২০২২ সালের জানুয়ারিতে ‘ড্রাই জানুয়ারি’ নামের এক ক্যাম্পেইনে অংশ নিয়ে সাময়িকভাবে মদ্যপান বন্ধ করেন টম হল্যান্ড। তখনই তার উপলব্ধি হয়, মদ্যপান তার জন্য আসক্তিতে রূপ নিয়েছিল।

অভিনেতার মতে, তারকা হিসেবে খ্যাতির যে চাপ থাকে, মদ্যপান সেই চাপ বা চ্যালেঞ্জকে আরও বাড়িয়ে দিচ্ছিল। মদ্যপান ছেড়ে দেওয়ার পর থেকে তিনি এখন নিজের মাঝে অনেক বেশি আত্মবিশ্বাস খুঁজে পাচ্ছেন এবং প্রতিদিন সকালে সতেজভাবে কাজ শুরু করতে পারছেন।

টম হল্যান্ডের কথায়, মদ্যপান এমন একটি বিষয় ছিল যা শেষ পর্যন্ত আমার পেশাগত জীবনে বাধা হয়ে দাঁড়াচ্ছিল। আমি জানি না, যদি আমি মদ্যপান চালিয়েই যেতাম, তাহলে কতদূর এগোতে পারতাম, আজকের এই অবস্থানে পৌঁছাতে পারতাম কি না।

২০২৪ সালে ‘বেরো’ নামে নিজের একটি অ্যালকোহলমুক্ত বিয়ার ব্র্যান্ডও বাজারে এনেছেন অভিনেতা টোম হল্যান্ড। তার এই পরিবর্তন এখন বন্ধুদের মাঝেও প্রভাব ফেলছে এবং তারাও আগের চেয়ে মদ্যপান কমিয়ে দিয়েছেন- এমনটাই দাবি তার।

মদ্যপান ত্যাগের যাত্রা নিয়ে কথা বলতে গিয়ে এই অভিনেতা আরও জানান, নিজের ওপর নিয়ন্ত্রণ প্রমাণের জন্যই তিনি এক সময় জুন মাসে তার জন্মদিন পর্যন্ত মদ্যপান থেকে দূরে থাকার চ্যালেঞ্জ নিয়েছিলেন। সেই সময়টি পার করার পর তিনি নিজেকে জীবনের সবচেয়ে সুখী মানুষ হিসেবে আবিষ্কার করেন।

উল্লেখ্য, আগামী মাসে টম হল্যান্ড ও জেন্ডায়া জুটিকে আবারও বড় পর্দায় দেখা যাবে মার্ভেলের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে’-তে।