আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ‘জাতীয় বাজেটে বিচার বিভাগের জন্য বরাদ্দ বিটিভির চেয়েও কম। রাষ্ট্রের অন্যতম প্রধান অঙ্গ হওয়া সত্ত্বেও বিচার বিভাগ বর্তমানে দেশের সবচেয়ে অবহেলিত খাতে পরিণত হয়েছে।’
শনিবার (২ মে) রাজধানীর মহাখালী ব্র্যাক সেন্টারে বাংলাদেশ সুপ্রিমকোর্ট ও ব্র্যাকের যৌথ উদ্যোগে নারী ও শিশু নির্যাতন মামলার বিচারিক কার্যক্রম নিয়ে এক গবেষণার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী উল্লেখ করে বলেন, জাতীয় বাজেটে বিচার বিভাগের জন্য মাত্র ২ হাজার ২০০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়। এর বিপরীতে শুধু বিটিভিকে ২ হাজার ৫০০ কোটি টাকা এবং যুব উন্নয়ন বিভাগকে ৩ হাজার ৫০০ কোটি টাকার বেশি বরাদ্দ দেয়া হচ্ছে। এ সীমিত বাজেট দিয়ে বিচারকদের বেতন ও সুপ্রিম কোর্টসহ সব আদালতের প্রশাসনিক ব্যয় মেটানো হয়। ফলে জনগণের কাঙ্ক্ষিত বিচারসেবা নিশ্চিত করা অনেক কঠিন হয়ে পড়ে।
আইনমন্ত্রী বলেন, দেশের অন্যান্য খাতের তুলনায় বিচার বিভাগ এখনও সবচেয়ে অবহেলিত। মামলা জট ও বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা কাটাতে কাঠামোগত পরিবর্তনের প্রয়োজন রয়েছে।
তিনি আরও বলেন, বিচারক, আইনজীবী ও তদন্ত সংশ্লিষ্টদের মানসিকতার পরিবর্তনের ওপর গুরুত্ব দিতে হবে। পাশাপাশি মিথ্যা মামলার প্রবণতা কমাতে আইনি সংস্কারের প্রয়োজন এবং বিচারকদের অবসরের বয়স বাড়ানোর বিষয়েও চিন্তা করা হচ্ছে।
এসময় অতীত সরকারের সময় বিচার বিভাগের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন আইনমন্ত্রী এবং অভিযোগ করেন, কিছু বিচারক রাজনৈতিক উদ্দেশ্যে বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করেছেন।





