সাফ নারী চ্যাম্পিয়নশিপের গত দুই আসরে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। তাই এবার লক্ষ্য ছিল টানা তৃতীয়বারের মতো দক্ষিণ এশিয়ার ফুটবল শ্রেষ্ঠত্বের মুকুট পরার। কিন্তু ভারতের কাছে ফাইনাল হেরে সেই স্বপ্নটা শেষ পর্যন্ত অধরাই রয়ে গেল বাংলাদেশের।
শনিবার (৬ জুন) গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠিত সাফের ফাইনালে স্বাগতিক ভারতের বিপক্ষে ১-৩ গোলে হেরে শিরোপা হাতছাড়া করেছে বাংলাদেশের মেয়েরা। এর আগে ২০১৬ সালের ফাইনালেও স্বাগতিক ভারতের কাছে হেরেছিল বাংলাদেশ।
সাফের আগের দুই আসরে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। কিন্তু এবার শুরু থেকেই ম্রিয়মাণ ছিল পিটার বাটলারের শিষ্যরা। গ্রুপ পর্বের ম্যাচে ভারতের বিপক্ষে ৩-০ গোলে হেরেছিল বাংলাদেশ। ফাইনালেও তিন গোল হজম করেছে। বিপরীতে ঋতুপর্ণা এক গোল পরিশোধ করেছেন।








