ঢাকা | বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬,১২ ভাদ্র ১৪৩৩

জাফলংয়ে টাস্কফোর্সের অভিযান: ২ হাজার ঘনফুট পাথর উদ্ধার

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং পর্যটন স্পট থেকে চুরি হওয়া পাথর উদ্ধারে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে অভিযান শুরু করেছে। অভিযানে পিয়াইন নদীর তীরবর্তী বিভিন্ন স্থান থেকে প্রায় দুই হাজার ঘনফুট লুট হওয়া পাথর উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা পাথর পুনরায় জিরো পয়েন্টে নৌকায় করে এনে ফেলা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রতন কুমার অধিকারীর নেতৃত্বে প্রশাসন, পুলিশ ও বিজিবির সমন্বয়ে যৌথভাবে এই অভিযান পরিচালনা করা হয়।

এ সময় গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার মো. তোফায়েল আহমদ, সংগ্রাম বিওপির ক্যাম্প কমান্ডার শহিদুল ইসলাম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আবু কাওসার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা উত্তম কুমার রায়সহ পুলিশ ও বিজিবির সদস্যরা অভিযানে অংশ নেন।

ইউএনও রতন কুমার অধিকারী বলেন, “জাফলংয়ের জিরো পয়েন্ট থেকে কিছু দুষ্কৃতকারী রাতের আঁধারে বৃষ্টির মধ্যে কিছু পাথর সরিয়ে ফেলেছিল। আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত পদক্ষেপ নেই। এরপর থেকে ২৪ ঘণ্টা পুলিশ-বিজিবির টহল অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় যে পাথরগুলো সরানো হয়েছিল এর মধ্যে আমরা প্রায় দুই হাজার ঘনফুট পাথর উদ্ধার করেছি। এসব পাথর যেখানেই পাওয়া যাবে আমরা তা উদ্ধার না হওয়া পর্যন্ত কাজ করে যাবো। চুরি হওয়া পাথর ফেরত না আসা পর্যন্ত এ অভিযান চলবে।”