ঢাকা | শনিবার, ২১ নভেম্বর ২০২৬,৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনাকে কখনও ফেরত পাঠাবে না ভারত: শ্রীরাধা দত্ত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর সম্ভাবনা খুবই কম বলে মনে করেন ভারতের দক্ষিণ এশিয়া বিষয়ক বিশিষ্ট গবেষক ড. শ্রীরাধা দত্ত। বাংলাদেশের পক্ষ থেকে যত চাপই দেয়া হোক কিংবা প্রত্যর্পণের আইনি প্রক্রিয়া যত দীর্ঘই হোক, ভারত শেখ হাসিনাকে হস্তান্তর করবে না বলে মনে করেন তিনি।

বাংলাদেশি সংবাদমাধ্যম ডেইলি ওয়াদাকে দেয়া এক সাক্ষাৎকারে ড. শ্রীরাধা দত্ত বলেন, ‘শেখ হাসিনা ভারতের ভালো বন্ধু। ভারত তাকে মিত্র হিসেবে বিবেচনা করে। এমন একজন ব্যক্তিকে ভারত কখনোই বাংলাদেশের হাতে তুলে দেবে না।’

তবে এটা ভারতের সরকারের আনুষ্ঠানিক অবস্থান নয়, বরং ভারতীয় রাজনীতি সম্পর্কে নিজের উপলব্ধি থেকেই তিনি এমন মন্তব্য করেছেন বলে স্পষ্ট করেন এই গবেষক।

ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক শ্রীরাধা দত্ত বাংলাদেশ নিয়ে দীর্ঘদিন গবেষণা করছেন। তার মতে, শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে দুই দেশের মধ্যে বিরোধ সহজে মিটবে না। তবে কূটনৈতিক অচলাবস্থা দীর্ঘায়িত হলে ভারত ও বাংলাদেশ উভয়কেই বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হবে।

বিশ্বের অন্যতম দীর্ঘ স্থলসীমান্ত রয়েছে ভারত ও বাংলাদেশের মধ্যে। দুই দেশের অর্থনীতি, নিরাপত্তা ও আঞ্চলিক যোগাযোগব্যবস্থাও পরস্পরের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। কিন্তু ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে ১৫ বছরের শাসনের অবসান ঘটিয়ে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকেই দুই দেশের সম্পর্কে টানাপোড়েন চলছে।

ভারতে অবস্থান করে শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য ও বিভিন্ন তৎপরতা ঢাকা-দিল্লি সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগকে আরও জটিল করে তুলেছে।

তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠনের পর দুই দেশের সম্পর্কের উন্নতির সম্ভাবনা তৈরি হয়েছিল। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফর করেন। নতুন সরকারের শপথ অনুষ্ঠানে ভারতের সংসদের স্পিকার অংশ নেন।

পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে ভারত সফরের আমন্ত্রণ জানায় নয়াদিল্লি। কিন্তু সেই সফর এখন অনিশ্চয়তার মুখে। কিছু কনস্যুলার ও শিক্ষা কার্যক্রম পুনরায় চালু হলেও গত প্রায় দেড় দশকে দুই দেশের মধ্যে গড়ে ওঠা বেশিরভাগ সহযোগিতামূলক কার্যক্রম এখনো স্থবির রয়েছে।

প্রত্যর্পণ চায় না ভারত
শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের অনিচ্ছার কারণ ব্যাখ্যা করে অধ্যাপক শ্রীরাধা দত্ত বলেন, প্রত্যর্পণ একটি দীর্ঘ আইনি প্রক্রিয়া। তবে আইনি ও কারিগরি প্রক্রিয়া দ্রুত শেষ করা সম্ভব হলেও ভারত তাকে ফেরত পাঠাতে চাইবে কি না, সেটাই মূল প্রশ্ন।

তিনি বলেন, ‘সহজ কথায়, আমার মনে হয় ভারত তাকে ফেরত পাঠাতে চায় না এবং ভবিষ্যতেও চাইবে না।’

ভারত ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির কয়েকটি ধারায় নির্দিষ্ট পরিস্থিতিতে কোনো ব্যক্তিকে হস্তান্তরের অনুরোধ প্রত্যাখ্যান করার সুযোগ রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

অন্যদিকে শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি এবং তার বিরুদ্ধে ওঠা অভিযোগের কারণে বাংলাদেশও স্বাভাবিকভাবেই তাকে দেশে ফেরত আনার দাবি অব্যাহত রাখবে বলে মনে করেন এই গবেষক।

‘চাইলে যেভাবে এসেছেন, সেভাবেই ফিরতে পারেন’
শেখ হাসিনার পাসপোর্ট এবং বাংলাদেশে ফেরার আইনি প্রক্রিয়া নিয়ে চলমান বিতর্ককেও গুরুত্ব দিতে নারাজ অধ্যাপক শ্রীরাধা দত্ত।

তার ভাষায়, ‘তিনি যদি ফিরতে চান, তাহলে অবশ্যই ফিরতে পারেন। যেভাবে এসেছেন, সেভাবেই ফিরে যেতে পারেন। এর জন্য প্রত্যর্পণ চুক্তি কিংবা পাসপোর্টেরও প্রয়োজন নেই।’

তিনি বলেন, তৃতীয় কোনো দেশে যেতে হলে পাসপোর্টের প্রয়োজন হতে পারে। কিন্তু নিজের দেশে ফিরে যাওয়ার বিষয়টি আলাদা।

শেখ হাসিনার পাসপোর্ট নিয়ে আলোচনা মূলত একটি অজুহাত বলে মনে করেন তিনি। তার মতে, দেশে ফেরার প্রকৃত ইচ্ছা থাকলে সেই যাত্রার উপায় অবশ্যই বের করা সম্ভব। কিন্তু এ নিয়ে অহেতুক আলোচনা কোনো ইতিবাচক বার্তা দিচ্ছে না।

শ্রীরাধা দত্তের মতে, নির্বাসনে থেকেও রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক থাকার চেষ্টা করছেন শেখ হাসিনা। এ জন্য তিনি বিভিন্ন সাক্ষাৎকার দিচ্ছেন এবং তার সমর্থকেরা বিভিন্ন নিবন্ধ ও ভিডিও প্রচার করছেন।

তিনি বলেন, শেখ হাসিনা তার রাজনৈতিক ইস্যুটি বাঁচিয়ে রাখতে চান, যা স্বাভাবিক। আওয়ামী লীগ এবং বাংলাদেশে থাকা দলটির নেতাকর্মী ও সমর্থকদের কাছে তিনি এখনো গুরুত্বপূর্ণ। তাদের আশ্বস্ত করতেই শেখ হাসিনা রাজনৈতিকভাবে সক্রিয় থাকার চেষ্টা করছেন।

এ প্রসঙ্গে গোপালগঞ্জের সাম্প্রতিক ঘটনাপ্রবাহের কথাও উল্লেখ করেন তিনি।

তবে আওয়ামী লীগের নিজস্ব সমর্থকগোষ্ঠীর অবস্থানের সঙ্গে দেশের বৃহত্তর জনগোষ্ঠীর মনোভাবের পার্থক্য রয়েছে বলে মনে করেন এই অধ্যাপক। তার মতে, বাংলাদেশের একটি বড় অংশ, বিশেষ করে তরুণ প্রজন্ম এখনো শেখ হাসিনার প্রতি নেতিবাচক মনোভাব পোষণ করে।

এর পেছনে তার ১৫ বছরের শাসনামলে জমে ওঠা রাজনৈতিক ও অর্থনৈতিক অসন্তোষের পাশাপাশি ২০২৪ সালের জুলাই আন্দোলনে সংঘটিত সহিংসতা।

শ্রীরাধা দত্ত বলেন, বাংলাদেশের উল্লেখযোগ্য সংখ্যক তরুণ দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও আর্থসামাজিক নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে গেছে। জুলাই আন্দোলনের সময় তাদের ওপর চালানো সহিংসতা ও হামলার স্মৃতি এত দ্রুত মুছে যাওয়ার নয়।

তার মতে, এসব অভিজ্ঞতা তরুণ প্রজন্মের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এবং রাষ্ট্রের সঙ্গে তাদের সম্পর্ককে দীর্ঘদিন প্রভাবিত করবে।

সম্পর্ক স্বাভাবিক করতে উদ্যোগ নেবে কে?
শেখ হাসিনার প্রত্যর্পণের চেয়েও এখন ভারত-বাংলাদেশ সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ কে নেবে, সেটাই বড় প্রশ্ন বলে মনে করেন অধ্যাপক শ্রীরাধা দত্ত।

তারেক রহমান ক্ষমতায় আসার পর দুই দেশের মধ্যে যোগাযোগ বাড়ানোর একটি সুযোগ তৈরি হয়েছিল। নতুন প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়ে নয়াদিল্লি বাংলাদেশের নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করার আগ্রহও প্রকাশ করেছিল।

কিন্তু পরবর্তী কিছু ঘটনা সেই সম্ভাবনাকে সংকুচিত করেছে।

শেখ হাসিনার গত ৫ আগস্ট দিল্লিতে দেয়া বক্তব্য, ফরেন করেসপন্ডেন্টস ক্লাবে তার উপস্থিতি এবং এরপর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের বিষয়ে তুলে ধরা শর্তগুলো পরিস্থিতিকে আরও জটিল করেছে বলে মনে করেন তিনি।

তারেক রহমানের ভারত সফরের আগে দুই দেশের অমীমাংসিত বিরোধগুলোর সমাধান হওয়া উচিত, ঢাকার এমন অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন এই গবেষক।

তিনি বলেন, ‘আমার কাছে বিষয়টি খুব সীমিত দৃষ্টিভঙ্গি বলে মনে হয়। কোনো সমস্যা থাকলে আলোচনা করতে হয়। আলোচনায় বসার আগেই যদি শর্ত দেয়া হয়, তাহলে ভারত কীভাবে প্রতিক্রিয়া জানাবে? এতে এমন একটি বার্তা গেছে যে ঢাকা আসলে আগ্রহী নয়।’

তার মতে, বিরোধ মিটিয়ে তারপর কূটনৈতিক আলোচনা নয়, বরং আলোচনার মাধ্যমেই বিরোধ নিষ্পত্তির পথ খুঁজে বের করা উচিত। তবে দুই দেশের বর্তমান অচলাবস্থার জন্য শুধু বাংলাদেশকে দায়ী করেননি তিনি।

শ্রীরাধা দত্ত বলেন, ‘দুই পক্ষের অবস্থানই কঠোর হচ্ছে। দুই সরকারের যেকোনো একটিকে এগিয়ে এসে বলতে হবে, আমাদের অনেক অমীমাংসিত বিষয় রয়েছে, এবার সেগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক।’

তার মতে, এই উদ্যোগ দুই দেশের প্রধানমন্ত্রীর যেকোনো একজনকেই নিতে হবে, এমন নয়। দুই দেশের মধ্যে বিদ্যমান কূটনৈতিক প্রক্রিয়া, মন্ত্রী, উপদেষ্টা ও বিভিন্ন যোগাযোগের মাধ্যম ব্যবহার করেও আলোচনা শুরু করা সম্ভব।

দুই দেশের মধ্যে যোগাযোগের বিষয়ে পরস্পরবিরোধী তথ্য পাওয়ার কথাও জানান তিনি। তার ভাষ্য অনুযায়ী, নয়াদিল্লি থেকে পাঠানো কয়েকটি বার্তার জবাব ঢাকা দেয়নি বলে তাকে জানানো হয়েছে। অন্যদিকে বাংলাদেশের প্রতিনিধিরা তাকে জানিয়েছেন, গঙ্গার পানি বণ্টন নিয়ে ঢাকার পাঠানো যোগাযোগেরও কোনো জবাব দেয়নি ভারত।

দুই পক্ষের এমন পরস্পরবিরোধী বক্তব্যই কূটনৈতিক অচলাবস্থা কাটিয়ে ওঠার জটিলতা তুলে ধরছে বলে মনে করেন তিনি। অধ্যাপক শ্রীরাধা দত্ত বলেন, দুই দেশের মধ্যে বেশ কয়েকটি দ্বিপক্ষীয় প্রক্রিয়া চালু রয়েছে। এ ছাড়া উপদেষ্টা ও মন্ত্রীদের মধ্য থেকেও কেউ আলোচনার উদ্যোগ নিতে পারেন।

তার মতে, বর্তমান পরিস্থিতি কোনোভাবেই দীর্ঘস্থায়ী হওয়ার মতো নয়। দুই দেশকেই নিজেদের অবস্থান থেকে সরে এসে আলোচনার পথ তৈরি করতে হবে।

সূত্র: ডেইলি ওয়াদা