ঢাকা | শুক্রবার, ২৪ জুলাই ২০২৬,৯ শ্রাবণ ১৪৩৩

চলতি মাসেই রাষ্ট্রপতি পদে পরিবর্তন আনার আভাস

সব গুঞ্জন আর জল্পনা-কল্পনার ইতি টেনে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ রাষ্ট্রপতির পদে পরিবর্তন আনতে যাচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার। আগামী সপ্তাহের মধ্যেই পদত্যাগ করতে পারেন বর্তমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়েরের এক ফেইসবুক পোস্ট এ তথ্য জানান। তার ফেইসবুক পোস্টের পরেই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জন চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

জুলকারনাইন সায়ের বুধবার ফেইসবুকে লেখেন, “আগামী কয়েকদিনের মধ্যেই স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করতে যাচ্ছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। এর চাইতেও বিস্ময়কর খবর হলো নতুন রাষ্ট্রপতি হিসেবে বিএনপির কোনো শীর্ষ নেতার পরিবর্তে পছন্দের তালিকায় রয়েছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি।”

সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির মেয়াদ পাঁচ বছর। কিন্তু ইতোমধ্য সরকারের পক্ষ থেকে বঙ্গভবনে বার্তা পাঠানো হয়েছে। এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে, রাষ্ট্রপতির দপ্তরে প্রস্তুতি শুরু হয়েছে বলে বঙ্গভবন সূত্র জানিয়েছে।

আইন অনুযায়ী, রাষ্ট্রপতির পদত্যাগের ক্ষেত্রে তাকে স্পিকারের উদ্দেশে নিজ স্বাক্ষরে পদত্যাগপত্র জমা দিতে হবে। রাষ্ট্রপতির পদ শূন্য হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।

জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগের নির্বাচিত এই রাষ্ট্রপতি ২০২৩ খ্রিষ্টাব্দের ২৪ এপ্রিল দায়িত্ব গ্রহণ করেন। পাঁচ বছরের জন্য নির্বাচিত সাহাবুদ্দিনের এই মেয়াদ ২০২৮ খ্রিষ্টাব্দের ২৪ এপ্রিল শেষ হওয়ার কথা।

আইন অনুযায়ী, সংসদের মাধ্যমে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হন। সংসদ সদস্যরাই গোপন ভোটের মাধ্যমে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করেন। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর প্রধান বিচারপতির কাছে শপথবাক্য পাঠ করেন।

২০২৪ খ্রিষ্টাব্দের ৫ আগস্ট সংঘটিত জুলাই গণঅভ্যুত্থানের পর থেকেই বর্তমান রাষ্ট্রপতির পদত্যাগের দাবি ওঠে ছাত্র-জনতার পক্ষ থেকে। তবে এ নিয়ে শুরু থেকেই আপত্তি জানিয়ে আসছিল বিএনপি। শেষ পর্যন্ত তার কাছেই তারেক রহমানের নেতৃত্বে নতুন নির্বাচিত সরকার শপথ গ্রহণ করেছে।