ঢাকা | সোমবার, ১৩ জুলাই ২০২৬,২৯ আষাঢ় ১৪৩৩

জুমার খুতবায় মাদকের বিরুদ্ধে কথা বলায় ইমামের ওপর ছাত্রলীগ নেতার হামলা

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মকিমপুর (সোনারাম) কেন্দ্রীয় জামে মসজিদে জুমার খুতবায় মাদকের বিরুদ্ধে কথা বলায় মসজিদের ইমাম মুফতী উসমান গনির ওপর হামলার করেছে ছাত্রলীগ নেতা।

ব্রাহ্মণপাড়া উপজেলা মাধবপুর ইউনিয়নের নিষিদ্ধ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ আহমদ শান্ত শুক্রবার নামাজের পর এ হামলা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মুফতী উসমান গনি খুতবার বয়ানে সুদ, ঘুষ, নামাজ, রোজা, নৈতিকতা এবং সামাজিক অবক্ষয়সহ বিভিন্ন ইসলামী বিষয় নিয়ে আলোচনা করেন।

ওইদিন জুমার খুতবায় তিনি যুবসমাজকে উদ্দেশ্য করে বলেন, মাদকের কারণে সমাজ ধ্বংসের পথে যাচ্ছে এবং অনেক যুবক রাতভর ফুটবল খেলা দেখলেও ফজরের সালাত আদায় করে না ।

মাধবপুর গ্রামের আল আমিন সরকার বলেন, জুমার খুতবায় হুজুর মাদক, সুদ এবং বেনামাজি নিয়ে বয়ান করায় নামাজ শেষে হুজুরের উপর হামলা করে ছাত্রলীগ নেতা শান্ত । তিনি এখন বিএনপি নেতাদের সঙ্গে চলাফেরা করছেন । তিনি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ।

মুফতী উসমান গনি অভিযোগ করে বলেন, শুক্রবার নামাজের পর শান্ত তার পথ আটকে বলেন, খুতবায় আমাকে উদ্দেশ্যে করা হয়েছে। একপর্যায়ে তিনি আমাকে মারধর করেন। পরে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করেন।

এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ ফারুক আহমেদ বলেন, ইমাম সাহেব এখনো পর্যন্ত কোন অভিযোগ করেন নাই । বিভিন্ন মাধ্যম থেকে এ ঘটনা শুনেছি। হামলাকারী নিষিদ্ধ ছাত্রলীগ নেতা। ব্যবস্থা নেওয়া হবে ।