আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমা মাত্রই বাংলাদেশেও আনুপাতিক হারে তেলের দাম কমিয়ে আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ধোলাইখাল মাঠে ঢাকা-৬ আসনের উদ্যোগে আয়োজিত এক সমাবেশে বক্তব্যকালে এমনটা জানান তিনি।
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে আয়োজিত ওই সমাবেশে আন্তর্জাতিক বাজারের কথা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সারা বিশ্বে এবং আমাদের পার্শ্ববর্তী দেশে জ্বালানি তেলের দাম বহুগুণ বেড়েছে। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের দুর্ভোগ যেন না হয়, সেজন্য প্রথম এক মাস জ্বালানি তেলের দাম এক টাকাও বাড়াননি। তবে সীমান্ত দিয়ে তেল পাচার রোধ এবং আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রাখতেই সর্বনিম্ন পরিমাণ মূল্য সমন্বয় করতে হয়েছে।
এ সময় সাময়িক এই দুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রী আশ্বস্ত করেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমা মাত্রই আনুপাতিক হারে বাংলাদেশেও তেলের দাম কমিয়ে আনা হবে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের পরিকল্পিত সন্ত্রাস প্রসঙ্গে তিনি বলেন, যারা এই দেশে গণহত্যা করেছে ও গুম-খুন করেছে, তাদের প্রত্যেকের বিচার করা হবে। ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশের মাটিতে আর কোনোদিন রাজনীতি করতে দেয়া হবে না। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যেভাবে আমরা রক্ত দিয়েছিলাম— গণতন্ত্রের জন্য, ফ্যাসিবাদকে রুখে দেয়ার জন্য ঐক্যবদ্ধভাবে আমরা সেভাবেই রাজপথে থাকব।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিগত ১৭ বছরে যারা বাংলাদেশে গুম, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করেছে, সেই আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর কোনোদিন বাংলাদেশের মাটিতে রাজনীতি করতে দেয়া হবে না। ২০২৪ এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর বাংলাদেশে ফ্যাসিবাদ ও স্বৈরাচারের আর কোনো ঠাঁই নেই।
সালাহউদ্দিন আহমদ বলেন, যেকোনো মূল্যে চব্বিশের গণহত্যাকারীদের বিচার করা হবে। স্বাধীনতার পর যারা সবচেয়ে বেশি হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাদের কোনোভাবেই এ দেশে রাজনীতি করার সুযোগ দেয়া হবে না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে গণহত্যায় জড়িত প্রত্যেকের বিচার নিশ্চিত করা হবে এবং প্রয়োজনে ট্রাইব্যুনালের সংখ্যা আরও বাড়ানো হবে।
তিনি বলেন, আমরা চাই শেখ হাসিনা আসুক, প্রত্যাবর্তন চুক্তির মাধ্যমে তাকে ফিরিয়ে দেয়া হোক। এসে সাজা ভোগ করুক অথবা আপিল করার সুযোগ থাকলে আপিল করুক। আওয়াজ দিয়ে লাভ নেই।
এ ছাড়াও বিরোধীদলের লংমার্চের সমালোচনা করে তিনি বলেন, ৭ মাস না পেরোতে লংমার্চ করেন সমস্যা নেই। এ দেশের মানুষ স্বাধীনতা বিরোধীদের সঙ্গে নেই।








