ঢাকা | বুধবার, ১০ জুন ২০২৬,২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

সরকারি হাসপাতালে চিকিৎসকের শূন্যপদ ৯,৪০৭

স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেছেন, বর্তমানে দেশের সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসকের অনুমোদিত ৪১ হাজার ৮০৬টি পদের মধ্যে শূন্য ৯ হাজার ৪০৭টি। নার্সের অনুমোদিত ৪৯ হাজার ৫০১ টি পদের মধ্যে ৫ হাজার ৩২টি এবং স্বাস্থ্যমন্ত্রীর অনুমোদিত ২৬ হাজার ৫৪৪টি পদের মধ্যে ৮ হাজার ৭৮৪টি পদ শূন্য রয়েছে।

বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে নরসিংদী-১ আসনের খায়রুল কবির খোকনের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বুধবার সংসদের বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর অনুষ্ঠিত হয়।

যশোর-৪ আসনের গোলাম রসুলের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, সারা দেশে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিৎসকের ১৩ হাজার ২১১টি পদের বিপরীতে কর্মরত আছে সাত হাজার ৪২৯ জন। পদ শূন্য রয়েছে ৫ হাজার ৭৮২টি। নার্সের ১৩ হাজার ৮০৯টি পদের মধ্যে ১২ হাজার ১৪৬ জন কর্মরত আছে। নার্সের শূন্য পদ এক হাজার ৬৬৩টি। অন্যান্য কর্মচারীদের তিন হাজার ১৮৬টি পদের বিপরীতে কর্মরত দুই হাজার ১২০জন কর্মরত। শূন্যপদ এক হাজার ৬৬টি।

মন্ত্রী জানান, সারা দেশের ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রগুলোতে চিকিৎসকের এক হাজার ১৩৪টি পদের মধ্যে ৬৪৪ জন কর্মরত ও ৬৭০টি পদ শূন্য রয়েছে। মিডওয়াইফের এক হাজার ৩১২টি পদের মধ্যে কর্মরত ৭৪৬ জন এবং শূন্যপদ ৪৬৬টি। অন্যান্য কর্মচারীদের দুই হাজার ৬২৭টি পদের মধ্যে কর্মরত এক হাজার ৬৮২ জন কর্মরত এবং শূন্যপদ ৯১৫টি। সারা দেশের ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রগুলোতে চিকিৎসকের তিন হাজার ১৬৭টি পদের মধ্যে কর্মরত এক হাজার ৪৬০ জন, শূণ্যপদ এক হাজার ৭০৭টি। স্যাকমো তিন হাজার ১৬৫টি পদের মধ্যে কর্মরত এক হাজার ৬৪৫ জন কর্মরত এবং শূণ্যপদ এক হাজার ৫২০টি।

সংরক্ষিত আসনের নিলোফার চৌধুরীর প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, বর্তমানে সারা দেশে ১৪ হাজার ৪৬০টি কমিউনিটি ক্লিনিক চালু আছে। প্রতিটি কমিউনিটি ক্লিনিকে বছরে দুই লাখ ৪৭ হাজার ৯০০ টাকার ওষুধ সরবরাহ করা হয়।