ঢাকা | বুধবার, ১০ জুন ২০২৬,২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

সরকারি পাঠাগার থেকে শেখ মুজিব ও হাসিনাকে নিয়ে লেখা বই জব্দ

রাজশাহী কলেজ ক্যাম্পাসে বিশ্বসাহিত্য কেন্দ্র ও সরকারের গণগ্রন্থাগার অধিদপ্তর পরিচালিত ভ্রাম্যমাণ পাঠাগারের একটি গাড়ি জব্দ করেছে মহানগর ছাত্রদল। এ সময় গাড়িটিতে থাকা শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনাকে নিয়ে লেখা প্রায় ৩০০টি বই উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছেন সংগঠনটির নেতারা।

বুধবার (১০ জুন) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী কলেজের নজরুল চত্বর থেকে বইগুলো উদ্ধার করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রদলের আহ্বায়ক রাকিন রাইহান রবীন, সদস্যসচিব ইমদাদুল হক লিমন এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ (আবির), রাজশাহী কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাশিকুজ্জামান প্রীতম, জুবায়ের রশিদ, জাহিদ হাসানসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

রাজশাহী মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও কলেজ ছাত্রদলের আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ বলেন, রাজশাহী কলেজে সংস্কৃতি মন্ত্রণালয় পরিচালিত ভ্রাম্যমাণ লাইব্রেরি পরিদর্শনকালে আমরা লক্ষ্য করি যে, স্বৈরাচারী আমলে রচিত ও প্রচারিত বিকৃত ইতিহাসভিত্তিক বহু বই এখনো সেখানে সংরক্ষিত ও প্রদর্শিত হচ্ছে। উদ্বেগের বিষয় হলো, অন্যান্য বইয়ের তুলনায় এসব বইয়ের সংখ্যাই বেশি বলে প্রতীয়মান হয়েছে।

অন্যদিকে ভ্রাম্যমাণ গ্রন্থাগারের ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, গ্রন্থাগারে বিভিন্ন ধরনের বইয়ের সঙ্গে আওয়ামী লীগ সরকারের সময় প্রকাশিত কিছু বইও রয়ে গিয়েছিল, যা অনাকাঙ্ক্ষিত। ইতোমধ্যে লিখিতভাবে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে, এসব বই আর কোনো কার্যক্রমে বহন বা প্রদর্শন করা হবে না। ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর বইগুলো সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হলেও সংরক্ষণের উপযুক্ত স্থান না থাকায় সেগুলো গাড়িতে আড়াল করে রাখা হয়েছিল যাতে পাঠকদের নজরে না আসে। ছাত্রদলের নেতাকর্মীরা বিষয়টি তাদের নজরে এনেছেন এবং তারা দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন।