ঢাকা | বুধবার, ১৩ মে ২০২৬,৩০ বৈশাখ ১৪৩৩

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে ইউরেনিয়াম লোডিং সম্পন্ন

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের প্রথম ইউনিটের রিঅ্যাক্টর কোরে সফলভাবে ফ্রেশ পারমাণবিক জ্বালানি (ইউরেনিয়াম) লোডিং সম্পন্ন হয়েছে। বিদ্যুৎ উৎপাদন শুরুর আগে এটিকে প্রকল্পটির একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

মঙ্গলবার (১২ মে) সন্ধ্যায় রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা ও প্রকল্পের প্রধান ঠিকাদারি প্রতিষ্ঠান রোসাটম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত ২৮ এপ্রিল শুরু হওয়া জ্বালানি লোডিং কার্যক্রমে ধাপে ধাপে রিঅ্যাক্টর কোরে মোট ১৬৩টি ফুয়েল অ্যাসেম্বলি স্থাপন করা হয়েছে।

রূপপুর প্রকল্পের পরিচালক ও এটমস্ট্রয়েক্সপোর্টের ভাইস প্রেসিডেন্ট অ্যালেক্সি ডেইরি জানান, আন্তর্জাতিক পারমাণবিক নিরাপত্তা মানদণ্ড ও পরিচালনাগত বিধিমালা অনুসরণ করে পুরো কার্যক্রম সম্পন্ন হয়েছে।

তিনি বলেন, পরবর্তী ধাপে রিঅ্যাক্টরের উপরের অংশ স্থাপন, ইন-কোর ইন্সট্রুমেন্টেশন সিস্টেম সংযুক্তকরণ এবং বিভিন্ন প্রযুক্তিগত পরীক্ষা-নিরীক্ষা চালানো হবে। খুব শিগগিরই রিঅ্যাক্টরকে ন্যূনতম নিয়ন্ত্রণযোগ্য বিদ্যুৎ উৎপাদন পর্যায়ে নেওয়া হবে এবং ধাপে ধাপে পরীক্ষামূলক বাণিজ্যিক পরিচালনার দিকে এগিয়ে নেওয়া হবে।

রাশিয়ার প্রযুক্তিগত ও আর্থিক সহায়তায় নির্মাণাধীন এই প্রকল্পে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট ক্ষমতার দুটি আধুনিক ভিভিইআর-১২০০ রিঅ্যাক্টর স্থাপন করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জেনারেশন থ্রি প্লাস প্রযুক্তির এই রিঅ্যাক্টরগুলো আন্তর্জাতিক নিরাপত্তা মানদণ্ড পূরণে সক্ষম।