হবিগঞ্জের আজমিরীগঞ্জে মাদক কারবারের সময় তিন ‘কথিত সাংবাদিক’সহ ৫ জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট, মাদক সেবনের সরঞ্জাম ও নগদ অর্থ জব্দ করা হয়।
মঙ্গলবার (১২ মে) রাত সাড়ে ১২টার দিকে পৌরসদরের গরুবাজার এলাকার ‘কালনী নিউজ’ নামের একটি অফিসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, অভিযানে ১৩ পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম এবং বিক্রির নগদ ৬ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়েছে।
আটকরা হলেন- পৌরসদরের শরীফনগর এলাকার মৃত মানিক মিয়ার ছেলে ও ‘কালনী নিউজ’-এর কথিত সাংবাদিক লালন পারভেজ (৩২), একই এলাকার মৃত জ্যোতি মিয়ার ছেলে ও জেলা শহর থেকে প্রকাশিত একটি পত্রিকার সাংবাদিক পরিচয়দানকারী জুমন মোড়ল (৩৫), ছাবু মিয়ার ছেলে আলমগীর মিয়া (৩৬), আজিমনগর (জুম্মাহাটী) এলাকার মৃত কদর আলীর ছেলে স্থানীয় পত্রিকার সাংবাদিক দিলোয়ার হোসেন (৩৩) এবং আঙ্গুর মিয়ার ছেলে মাহফুজ মিয়া (৩২)।
আজমিরীগঞ্জ থানার ওসি মো. আকবর হোসেন জানান, সারাদেশে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।
তিনি আরও জানান, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে এবং বুধবার সকালে আটকদের আদালতে সোপর্দ করা হয়েছে।





