ছাত্রশিবিরের কেন্দ্রীয় একজন দায়িত্বশীলকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা দক্ষিণ সিটির (ডিএসসিসি) মেয়র প্রার্থী হিসেবে ঘোষণার সংবাদ কিছু অনলাইন পোর্টালে প্রচার করা হচ্ছে। এ ধরনের সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।
ডিএসসিসিতে জামায়াতের মেয়র প্রার্থীর নাম ঘোষণার সংবাদে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ
শুক্রবার (১ মে) দুপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এসএম ফরহাদের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ জরুরি ঘোষণা দেয়া হয়।
ছাত্রশিবিরের জরুরি ঘোষণায় উল্লেখ করা হয়, সবার অবগতির জন্য জানানো যাচ্ছে, ইসলামী ছাত্রশিবিরে যে কোনো পর্যায়ে দায়িত্বে থাকা অবস্থায় অন্য কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে নির্বাচনে অংশগ্রহণ বা প্রার্থী হওয়ার সুযোগ নেই। এমনকি কোনো রাজনৈতিক দল থেকেও তাকে প্রার্থী হিসেবে ঘোষণা দেয়ার সুযোগ নেই।
ইসলামী ছাত্রশিবির থেকে দায়িত্ব শেষ করে বিদায় নেয়ার পর যে কেউ যে কোনো রাজনৈতিক দলে যুক্ত হয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন।
অতএব বর্তমান সেশনের কোনো দায়িত্বশীলকে নিয়ে এ ধরনের বিভ্রান্তিকর সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।
এর আগে কয়েকটি অনলাইন গণমাধ্যমে ডিএসসিসি নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের নাম উল্লেখ করে সংবাদ প্রচার করা হয়।





