ক্যাম্পাসজীবনের বিদায়প্রান্তে দাঁড়িয়ে দ্বীনি মূল্যবোধ ও জ্ঞানচর্চার একটি স্থায়ী উত্তরাধিকার রেখে যাওয়ার প্রত্যয়ে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘লিগ্যাসি অব দ্বীন কনফারেন্স ২০২৬’। বিশ্ববিদ্যালয়ের ২০২১–২২ শিক্ষাবর্ষের বিদায়ী ব্যাচ ‘ফাতিহ’২১’-এর উদ্যোগে আগামী ২ ডিসেম্বর (বুধবার) রুয়েট কেন্দ্রীয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।
প্রযুক্তি ও প্রকৌশলবিদ্যার উৎকর্ষের পাশাপাশি তরুণদের ঈমানি চেতনা, আত্মশুদ্ধি, নৈতিকতা ও দ্বীনি জীবনবোধে উদ্বুদ্ধ করাই এ সম্মেলনের মূল লক্ষ্য। দ্বীনকে পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা হিসেবে উপলব্ধি করা এবং ইসলামি জ্ঞান ও বিশ্বাসের ভিত্তিতে এমন একটি প্রজন্ম গড়ে তোলার প্রত্যাশা করছেন আয়োজকরা, যারা ব্যক্তিজীবন থেকে শুরু করে সমাজ ও কর্মক্ষেত্রেও ইসলামি মূল্যবোধের প্রতিফলন ঘটাবে।
আয়োজক ব্যাচ ‘ফাতিহ’২১’-এর নামকরণেও রয়েছে ঐতিহাসিক প্রেরণা। মাত্র ২১ বছর বয়সে সুলতান মুহাম্মদ আল-ফাতিহ (রহ.)-এর দৃঢ় ঈমান ও দূরদর্শিতার দৃষ্টান্ত থেকে অনুপ্রাণিত হয়ে ব্যাচটির এ নামকরণ করা হয়। বিদায়ী ব্যাচ হিসেবে ক্যাম্পাসে কেবল স্মৃতিচিহ্ন নয়, বরং আগামী দিনের শিক্ষার্থীদের দ্বীনি চেতনা ও কল্যাণমুখী জীবনবোধে অনুপ্রাণিত করার মতো কিছু রেখে যাওয়ার ভাবনা থেকেই সম্মেলনটির উদ্যোগ নেওয়া হয়েছে বলে আয়োজক কমিটির প্রতিনিধিরা জানান।
আয়োজক কমিটির পক্ষ হতে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী দেওয়ান মোঃ নাফিস ইকবাল বলেন, “কোনো ক্ষণস্থায়ী কোলাহল বা অর্থহীন আয়োজনের ভিড়ে হারিয়ে না গিয়ে, প্রযুক্তি ও প্রকৌশলবিদ্যার উৎকর্ষের পাশাপাশি রবের সঙ্গে বান্দার সম্পর্ককে আরও গভীর করা এবং ক্যাম্পাসে একটি সুস্থ, পরিশুদ্ধ ও স্থায়ী দ্বীনি সংস্কৃতির উত্তরাধিকার তৈরি করাই আমাদের এই সম্মেলনের মূল লক্ষ্য। আমাদের অগ্রজ আবাবিল’১৯ ও সালসাবিল’২০ যে কল্যাণময় ধারার সূচনা করেছিলেন, আমরা কেবল সেই আমানতকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার বিনীত প্রচেষ্টা করেছি।”
বর্তমান সময়ে তরুণদের মধ্যে আত্মিক প্রশান্তি, নৈতিক দৃঢ়তা ও জীবনের উদ্দেশ্য নিয়ে সচেতনতা তৈরির প্রয়োজনীয়তার ওপরও গুরুত্ব দিচ্ছেন আয়োজকরা। তাঁদের মতে, আজকের এই অস্থির সময়ে প্রকৌশলবিদ্যার জটিল সমীকরণ ও পেশাগত সাফল্যের প্রতিযোগিতার মাঝে বস্তুবাদী চিন্তা এবং নানামুখী অপসংস্কৃতির প্রভাব তরুণ প্রজন্মকে কখনো কখনো তাদের প্রকৃত লক্ষ্য ও আত্মিক প্রশান্তি থেকে দূরে সরিয়ে দিচ্ছে। এ বাস্তবতায় ঈমানি চেতনা, আত্মশুদ্ধি, তাকওয়া ও চারিত্রিক সততার গুরুত্ব তুলে ধরার পাশাপাশি জ্ঞান ও মূল্যবোধের সমন্বয় ঘটাতে সম্মেলনটি ভূমিকা রাখবে বলে তাঁদের প্রত্যাশা।
সম্মেলনের প্রধান বক্তা শায়খ আহমাদুল্লাহ দেশের তরুণদের মধ্যে ইসলামি জ্ঞান ও দ্বীনি আলোচনার প্রসারে সুপরিচিত। আস-সুন্নাহ ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম, ধর্মীয় আলোচনা ও ইসলামি শিক্ষাভিত্তিক উদ্যোগের মাধ্যমে তিনি ব্যাপক পরিচিতি অর্জন করেছেন। তাঁর উপস্থিতিকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যেও সম্মেলনটি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। ক্যাম্পাসের সর্বস্তরের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের প্রত্যাশায় কেন্দ্রীয় মাঠে সম্মেলনটি আয়োজনের পরিকল্পনা গ্রহণ করেছেন আয়োজকরা।
সম্মেলনে নারী অংশগ্রহণকারীদের জন্য পৃথক ও নির্ধারিত স্থান রাখার বিশেষ ব্যবস্থা করা হয়েছে। এর আগে গত ২০ নভেম্বর সকাল ৮টা থেকে শুরু হয়েছে রেজিস্ট্রেশন। ২১ সিরিজের পক্ষ থেকে অন্যান্য সিরিজের শিক্ষার্থীদের জন্য রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে ২১ টাকা এবং ২১ সিরিজের শিক্ষার্থীদের জন্য ৫৯ টাকা। ২১ সিরিজের রেজিস্ট্রেশনকৃত অংশগ্রহণকারীদের জন্য বিশেষ প্যাকেজে থাকছে ১২টি দোয়ার স্টিকার, একটি কিবলা স্টিকার, দুটি বুকমার্ক ও একটি স্মারক চাবির রিং।
রেজিষ্ট্রেশনকৃত অংশগ্রহণকারীরা নির্ধারিত পিক-আপ পয়েন্ট থেকে সম্মেলনের টোকেন সংগ্রহ করতে পারবেন। পিক-আপ পয়েন্টের স্থান ও বিস্তারিত তথ্য পরবর্তী সময়ে আয়োজকদের পক্ষ থেকে জানানো হবে। সম্মেলনের সার্বিক ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে সম্পন্ন করা এবং ধারণক্ষমতা বিবেচনায় অংশগ্রহণকারীদের দ্রুত নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন আয়োজকরা।
আয়োজকদের প্রত্যাশা, এ সম্মেলনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে দ্বীনি জ্ঞানচর্চা, আত্মশুদ্ধি, নৈতিক দায়বদ্ধতা ও ইসলামি মূল্যবোধের চর্চা আরও বিস্তৃত হবে এবং ক্যাম্পাসে কল্যাণমুখী পরিবর্তনের একটি ইতিবাচক ধারা গড়ে উঠবে।





