শ্রীলঙ্কার কলম্বো আন্তর্জাতিক বিমানবন্দরে ২২ জন বৌদ্ধ ভিক্ষুকে গ্রেপ্তার করেছে দেশটির শুল্ক বিভাগ। তাদের লাগেজে তল্লাশি চালিয়ে প্রায় ১১০ কেজি (২৪২ পাউন্ড) উচ্চমাত্রার গাঁজা বা ‘কুশ’ উদ্ধার করা হয়েছে।
শনিবার থাইল্যান্ড থেকে কলম্বো পৌঁছানোর পর তাদের আটক করা হয়। কর্মকর্তাদের তথ্যমতে, প্রতিটি ভিক্ষুর লাগেজের ভেতরে বিশেষভাবে তৈরি ‘ফলস ওয়াল’ বা গোপন কুঠুরিতে প্রায় ৫ কেজি করে মাদক লুকানো ছিল।
গ্রেপ্তার হওয়া ভিক্ষুরা মূলত শিক্ষার্থী। অজ্ঞাত এক দাতার সৌজন্যে ৪ দিনের সব খরচসহ থাইল্যান্ড ভ্রমণে গিয়েছিলেন তারা। তবে ভ্রমণের আয়োজক হিসেবে অভিযুক্ত ২৩তম এক ভিক্ষুকে কলম্বোর উপশহর থেকে পরবর্তীকালে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশের বরাত দিয়ে বিবিসি সিনহালা জানায়, আয়োজক ভিক্ষু নিজে ভ্রমণে যাননি। তবে তিনি অন্য ভিক্ষুদের বলে দিয়েছিলেন যে, এসব পার্সেল মূলত ‘দান সামগ্রী’। বিমানবন্দরে নামার পর একটি ভ্যান এসে এই পার্সেলগুলো সংগ্রহ করবে বলেও তাদের জানানো হয়েছিল।
শ্রীলঙ্কার পুলিশ নারকোটিক্স ব্যুরো জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ভিক্ষুরা দেশের বিভিন্ন মন্দিরের সদস্য। তাদের মোবাইল ফোনে থাইল্যান্ডে সাধারণ পোশাকে ছুটি কাটানোর ছবি ও ভিডিও পাওয়া গেছে।

পুলিশের ধারণা, ভিক্ষুরা সম্ভবত জানতেন না যে তাদের ব্যাগে করে মাদক পাচার করা হচ্ছে। উদ্ধারকৃত মাদকগুলো মূলত স্কুল সরঞ্জাম এবং মিষ্টির প্যাকেটের মধ্যে লুকিয়ে রাখা হয়েছিল।
রবিবার এই ২২ ভিক্ষুকে আদালতে হাজির করা হলে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। শ্রীলঙ্কার ইতিহাসে এবারই প্রথম একসঙ্গে এত বড় একদল ভিক্ষুকে বিমানবন্দর দিয়ে মাদক পাচারের সন্দেহে গ্রেপ্তার করা হলো।







