জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে অধ্যয়নরত ১ হাজার ৭৮৯ জন শিক্ষার্থী মেধা বৃত্তি, প্রতিরক্ষা বৃত্তি ও অবৈতনিক অধ্যয়নের সুযোগ পাচ্ছেন।
মঙ্গলবার (২৪ জুন) বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের জন্য মেধা বৃত্তি, প্রতিরক্ষা বৃত্তি এবং অবৈতনিক অধ্যয়নের সুযোগ প্রদানের লক্ষ্যে গঠিত কমিটির সভায় আবেদন যাচাই-বাছাই শেষে মোট ১ হাজার ৭৮৯ জন শিক্ষার্থীকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইনস্টিটিউট, বিভাগ ও ইউনিট থেকে প্রাপ্ত মোট ১ হাজার ৭৬০ জন শিক্ষার্থীর আবেদন যাচাই-বাছাই করা হয়। যাচাই শেষে মেধা বৃত্তি ও অবৈতনিক অধ্যয়নের জন্য মোট ১ হাজার ৫২৮ জন শিক্ষার্থীকে নির্বাচিত করা হয়েছে। এর মধ্যে ৫৩৩ জন শিক্ষার্থী মেধা বৃত্তি এবং ৯৯৫ জন শিক্ষার্থী অবৈতনিক অধ্যয়নের সুযোগ পাবেন।
এছাড়া প্রতিরক্ষা বৃত্তির আওতায় মোট ২৬১ জন শিক্ষার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে। এর মধ্যে ২৫০ জন শিক্ষার্থী বৃত্তি এবং ১১ জন শিক্ষার্থী অবৈতনিক অধ্যয়নের সুযোগ লাভ করবেন।
গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, মেধা বৃত্তি ও প্রতিরক্ষা বৃত্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের নিজস্ব ব্যাংক হিসাব নম্বরে বৃত্তির অর্থ প্রেরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের বৃত্তি শাখা থেকে ইতোমধ্যে বিভিন্ন ইনস্টিটিউট ও বিভাগে প্রয়োজনীয় তথ্য ছক আকারে প্রেরণ করা হয়েছে।







