ঢাকা | শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬,১৩ ভাদ্র ১৪৩৩

জাপানে শক্তিশালী ভূমিকম্পে আগুন ধরে যায় ঘরবাড়িতে

জাপানে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর অওমোরি অঞ্চলে বেশ কয়েকটি বাড়িতে আগুনের ঘটনা ঘটেছে। ভূমিকম্পের পর দেশটির বিভিন্ন অঞ্চলে সুনামি সতর্কতা জারি হলেও পরে তা প্রত্যাহার করা হয়েছে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। খবর বিবিসির।

স্থানীয় সময় সোমবার (০৮ ডিসেম্বর) গভীর রাতে আঘাত হানা এই ভূমিকম্পে অন্তত ৩০ জন আহত হয়েছেন এবং হাজারো মানুষ আতঙ্কে ঘরবাড়ি ছেড়েছেন।

অওমোরি প্রশাসন জানিয়েছে, ভূমিকম্পে প্রায় ২ হাজার ৭০০ বাড়ির বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। জাপান আবহাওয়া সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্র ছিল উপকূল থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে ও ৫০ কিলোমিটার গভীরে।

জাপানের প্রধানমন্ত্রী সানাই তাকাইচি ক্ষতিগ্রস্তদের সতর্ক করে বলেন, ‘আবারও ভূমিকম্প হতে পারে। তাই ঘরের প্রয়োজনীয় আসবাবপত্র ভালোভাবে রাখুন এবং প্রয়োজনে দ্রুত সরিয়ে নেয়ার প্রস্তুতি নিন।’ অন্যদিকে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, এই ভূমিকম্পের পর আগামী এক সপ্তাহ শক্তিশালী আফটারশকের ঝুঁকি রয়েছে।