ঢাকা | শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬,১১ বৈশাখ ১৪৩৩

জকসুতে কোন সাংবাদিক পাশকার্ড পাবে তা আমাদের সঙ্গে পরামর্শ করতে হবে: জবি ছাত্রদল

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন নির্বাচন কমিশনকে বলেছেন, ভোট কেন্দ্রে কোন সাংবাদিকে পাশকার্ড দেয়ার ক্ষেত্রে ছাত্রসংগঠনের (আমাদের) সঙ্গে পরামর্শ করে পাশকার্ড দিতে হবে।

রোববার (২ নভেম্বর) দুপুরে উপাচার্যের কনফারেন্স কক্ষে জকসু নির্বাচন কমিশন আয়োজিত এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
তিনি বলেন, জকসু নির্বাচনে সাংবাদিকদের প্রবেশের বিষয়ে বিশেষ নিয়ম চালু করতে হবে। ডাকসু নির্বাচনে দেখেছি ছোট ঘটনাকে আচরণবিধি লঙ্ঘন আখ্যা দিয়ে নিউজ করেছে, যদি এ ধরনের কাজ সাংবাদিকদের দ্বারা হয়ে থাকে তাহলে সঙ্গে সঙ্গে তাকে (সাংবাদিককে) কেন্দ্র থেকে বের করে দিতে হবে। সাংবাদিকদের কাকে কাকে পাশকার্ড দেয়া হবে আমাদের সঙ্গে পরামর্শ করে তা দিতে হবে।

তিনি আরো বলেন, অন্যান্য ক্যাম্পাসের নির্বাচনে একটা বিষয় আমাদের খুবই দৃষ্টিগোচর হয়েছে—অমোচনীয় কালির ব্যাপারে। কমিশনকে বলবো অবশ্যই অমোচনীয় কালির ব্যবস্থা করেই নির্বাচনের আয়োজন করতে হবে। যতদিন না অমোচনীয় কালির ব্যবস্থা করতে পারবেন না ততদিন পর্যন্ত নির্বাচন বন্ধ রাখতে হবে।

তবে নির্বাচন কমিশন তার এ প্রস্তাবের বিষয়ে সুনির্দিষ্ট ভাবে কিছু বলেন নি। উপস্থিত কমিশনের সদস্যরা বলেছেন সাংবাদিকেরা ভোট কেন্দ্রে লাইভ সম্প্রচার করতে পারবে না তবে তারা শুধুমাত্র কেন্দ্রের ফুটেজ নিতে পারবে বুথের নয়।

এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, জকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান, কমিশনার অধ্যাপক ড. কানিজ ফাতেমা কাকলী, অধ্যাপক ড. মো. জুলফিকার মাহমুদ, ড. মো. আনিসুর রহমান। এছাড়া ক্যাম্পাসের বিভিন্ন ক্রিয়াশীল ছাত্র সংগঠনের শীর্ষ নেতা, সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।