যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশনের প্রকাশিত ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৬’ -এর তালিকায় এবারও স্থান পায়নি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।
এ বছর টাইমস হায়ার এডুকেশনের র্যাঙ্কিংয়ে স্থান পেয়েছে বাংলাদেশের মোট ২৮টি বিশ্ববিদ্যালয়। তবে সব বিশ্ববিদ্যালয়ের অবস্থানই ৮০০-এর পরের পর্যায়ে। ৮০১ থেকে ১০০০ র্যাঙ্কের মধ্যে স্থান পেয়েছে দেশের পাঁচটি বিশ্ববিদ্যালয়- ঢাকা বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (গাজীপুর), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি। এছাড়া ১০০১ থেকে ১৫০০ র্যাঙ্কের মধ্যে রয়েছে ১২টি এবং ১৫০০ এর পর অবস্থান করছে আরও দুটি বিশ্ববিদ্যালয়।
নজরুল বিশ্ববিদ্যালয়ের সমসাময়িক অনেক বিশ্ববিদ্যালয় টাইমস হায়ার এডুকেশনের র্যাঙ্কিংয়ে স্থান পেলেও এই তালিকায় জায়গা পায়নি নজরুল বিশ্ববিদ্যালয়। বিষয়টিতে অসন্তোষ প্রকাশ করে শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের উন্নতির জন্য প্রয়োজন মানসম্মত গবেষণা এবং শিক্ষায় আরও বেশি বিনিয়োগ। এভাবে চলতে থাকলে কখনোই আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে আমরা জায়গা পাব না।
র্যাঙ্কিংয়ের নির্দেশকসমূহ বিশ্লেষণ করলে দেখা যায়, শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, র্যাঙ্কিংয়ে অবস্থান অর্জনের জন্য প্রয়োজন মানসম্মত গবেষণা, শিক্ষকদের আন্তর্জাতিক প্রকাশনা এবং শিক্ষার্থীদের সৃজনশীল অংশগ্রহণ।
ফোকলোর বিভাগের শিক্ষার্থী ঐশ্বর্য সরকার বলেন, সম্প্রতি টাইমস হায়ার এডুকেশন র্যাঙ্কিংয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের নাম না থাকা হতাশাজনক। তবে এখনই উদ্যোগ নিলে আন্তর্জাতিক মানে পৌঁছানো সম্ভব। এজন্য গবেষণাখাতে বরাদ্দ ও শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়াতে হবে, শিক্ষক-শিক্ষার্থী এক্সচেঞ্জ প্রোগ্রাম চালু করতে হবে, আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তি নিশ্চিত করতে হবে এবং লাইব্রেরি ও একাডেমিক পরিবেশ উন্নত করতে হবে। র্যাংকিং বিষয়ক তথ্য ব্যবস্থাপনায় একটি বিশেষ টিম গঠনও জরুরি। শিক্ষা ও গবেষণায় মনোযোগী হলেই আমাদের বিশ্ববিদ্যালয় বিশ্বমানে উন্নীত হতে পারে।
সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রাবেয়া আক্তার অমি জানান, বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নে গবেষণার মান বৃদ্ধি করা জরুরি। এজন্য গবেষণাখাতে বরাদ্দ বাড়াতে হবে এবং শিক্ষার্থীদের গবেষণায় সম্পৃক্ত করতে হবে। পাশাপাশি লাইব্রেরিকে আধুনিকায়ন করে দেশি-বিদেশি বই ও জার্নালের সংখ্যা বাড়ানো প্রয়োজন। শিক্ষার্থীদের জ্ঞান ও আগ্রহ বৃদ্ধিতে নিয়মিত শিক্ষামূলক সেমিনার ও কর্মসূচির আয়োজন করাও গুরুত্বপূর্ণ।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান বলেন, র্যাঙ্কিংয়ের বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসন গুরুত্বের সঙ্গে দেখছে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও গবেষণামূলক কার্যক্রম আরও শক্তিশালী করতে আমরা ইতিমধ্যে বিভিন্ন উদ্যোগ নিতে যাচ্ছি, যাতে ভবিষ্যতে আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে নজরুল বিশ্ববিদ্যালয়ের অবস্থান দৃশ্যমান হয়। মূলত গবেষণার মানোন্নয়নে অনেকগুলো মানদণ্ড বা ক্রাইটেরিয়া রয়েছে। এই বিষয়গুলো আরও কার্যকরভাবে বাস্তবায়নের জন্য যারা দক্ষ, তাদের নিয়ে একটি বিশেষ কমিটি গঠন করার চিন্তা করা হচ্ছে। খুব শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।






