বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) পরীক্ষায় নকলের ভিডিয়ো ধারণ করায় দুই সাংবাদিককে মারধর এবং তাদের মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর ডিগ্রি কলেজ পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে।
এ কেন্দ্রে বাউবির বিএ ও বিএসএস প্রথম বর্ষের ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
আহত সাংবাদিকেরা হলেন রাব্বি আহমেদ এবং তারেক হোসেন। এ ঘটনায় কলেজের শিক্ষক ও পরীক্ষার্থীদের বিরুদ্ধে ভুক্তভোগীরা গাংনী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
ভুক্তভোগী সাংবাদিকেরা জানান, ৫০০ টাকার বিনিময়ে শিক্ষার্থীদের বই দেখে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে তারা কাজিপুর ডিগ্রি কলেজে যান। সেখানে গিয়ে দেখা যায়, পরীক্ষার্থীরা অবাধে বই খুলে উত্তর লিখছেন। এই দৃশ্যের ভিডিয়ো ধারণ করতে গেলে কলেজের শিক্ষক মনিরুজ্জামান বিপ্লবসহ আরও এক শিক্ষক এবং কয়েকজন পরীক্ষার্থী তাদের ওপর চড়াও হন।
আহত সাংবাদিক তারেক হোসেন অভিযোগ করেন, ভিডিয়ো করায় শিক্ষকেরা ক্ষিপ্ত হয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালান। একপর্যায়ে তাদের মারধর করে ভিডিয়ো ধারণ করা দুটি মুঠোফোন ও নাগরিক টেলিভিশনের বুম (মাইক্রোফোন) ছিনিয়ে নেওয়া হয়। পরে তাদের একটি কক্ষে আটকে রাখা হলেও সেখান থেকে তারা কৌশলে বেরিয়ে আসতে সক্ষম হন।
এদিকে সাংবাদিকদের ওপর হামলার খবর ছড়িয়ে পড়লে জেলার গণমাধ্যমকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়। তারা এ ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, সাংবাদিকদের ওপর হামলার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। থানায় অভিযোগ পাওয়া গেছে। ঘটনার সঙ্গে কারা জড়িত এবং কেন হামলা করা হয়েছে, তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ব্যবহৃত সরঞ্জাম উদ্ধারের চেষ্টাও চলছে।




