শিক্ষার মান যাচাই ও এমপিওভুক্তির সম্ভাব্যতা যাচাইয়ের লক্ষ্যে ঠাকুরগাঁও সদর উপজেলার ৪ নং বেগুনবাড়ী ইউনিয়নের “নতুনপাড়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা” পরিদর্শন করেছেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের পরিদর্শক জনাব এইচ. এম শামিম আহম্মদ।
গত রবিবার (২ আগস্ট) মাদ্রাসাটিতে তিনি পরিদর্শনে যান। পরিদর্শনকালে তিনি মাদ্রাসার শ্রেণি কার্যক্রম, অবকাঠামো, শিক্ষক-শিক্ষার্থীর উপস্থিতি এবং প্রয়োজনীয় কাগজপত্র খতিয়ে দেখেন।
জানা যায়, ১৯৮১ সালে প্রতিষ্ঠিত এই মাদ্রাসায় বর্তমান ১১৫ জন ছাত্র-ছাত্রী অধ্যয়নরত আছে। মাদ্রাসায় ৫ জন শিক্ষক ও ১ জন অফিস সহকারী কর্মরত রয়েছেন। মাদ্রাসাটি সরকারি অনুদানভুক্ত এবং ছাত্র-ছাত্রীরা নিয়মিত উপবৃত্তি পেয়ে আসছে। মাদ্রাসার কোড: ৫৬৯০৪ এবং এমপিও কোড: ০১৩৮২০২৫/৮০৫০১২৯০৪। মাদ্রাসার প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন মো: শাহিন আলম।
পরিদর্শন শেষে জনাব এইচ. এম শামিম আহম্মদ মাদ্রাসার সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, মাদ্রাসার দীর্ঘদিনের সুনাম ও অবকাঠামো বিবেচনায় এমপিওভুক্তির বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
এ সময় মাদ্রাসার প্রধান শিক্ষক, পরিচালনা কমিটির সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।






