হাসপাতাল চালু, যথাযথ একাডেমিক কার্যক্রম নিশ্চিতকরণ এবং পর্যাপ্ত ক্লিনিক্যাল ক্লাসের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি করেছে সুনামগঞ্জ মেডিক্যাল কলেজ-এর শিক্ষার্থীরা। রবিবার সকাল সাড়ে ৯টায় কলেজের প্রশাসন ভবনের সামনে থেকে শুরু হয়ে পরে হাসপাতাল ভবনের সামনে গিয়ে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় শিক্ষার্থীরা অনির্দিষ্টকালের জন্য কলেজের সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ ঘোষণা করেন।
শিক্ষার্থীদের অভিযোগ, গত ১৫ এপ্রিল আন্দোলন শুরুর পর একাধিকবার আশ্বাস দেওয়া হলেও এখনো হাসপাতাল চালু হয়নি এবং একাডেমিক কার্যক্রমে পর্যাপ্ত ক্লিনিক্যাল ক্লাসের সুযোগ নিশ্চিত করা হয়নি। এসব অনিয়ম ও অব্যবস্থাপনার প্রতিবাদে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।
বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য দেন সিনিয়র ব্যাচের শিক্ষার্থী তোফায়েল আহমেদ, রাফাত রেজা আকাশ ও সুরাইয়া আক্তার স্মৃতি। পঞ্চম বর্ষের শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন পৃথ্বীরাজ চৌধুরী, সাইদুল ইসলাম, প্রিয়াস চন্দ্র, ফারজানা আহমেদ মিম, সামচিয়া তাবাসসুম মাঈশা ও কেয়া গোস্বামী।
এছাড়া চতুর্থ বর্ষের মো. শাহপরান, তামিমা রহমান, জারিন তাসনিম অথৈ, তৃতীয় বর্ষের কায়েস আব্দুল্লাহ জামাল ও মোহাম্মদ তানভীর হোসেনসহ অন্যান্য শিক্ষার্থীরা অংশ নেন। প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরাও কর্মসূচিতে উপস্থিত ছিলেন।





