সম্প্রতি দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন ট্রেজারার (কোষাধ্যক্ষ) নিয়োগের ধারাবাহিকতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও নতুন ট্রেজারার নিয়োগের বিষয়টি আলোচনায় এসেছে। এ নিয়ে ক্যাম্পাসে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে নানা আলোচনা চলছে। এরই মধ্যে শিক্ষার্থীদের একটি অনলাইন মতামত জরিপে অংশগ্রহণকারীদের ৯১ শতাংশ জবির নতুন ট্রেজারার হিসেবে মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. ইমরানুল হককে দেখতে চেয়েছেন। । এ অবস্থায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে জবির নিজস্ব শিক্ষকদের মধ্য থেকেই ট্রেজারার নিয়োগের দাবি জানানো হয়।
এই দাবির প্রতিফলন দেখা গেছে শিক্ষার্থীদের জনপ্রিয় ফেসবুক প্ল্যাটফর্ম “আমরা জকসু চাই” গ্রুপে পরিচালিত একটি অনলাইন মতামত জরিপে (পোল)। সেখানে সম্ভাব্য ট্রেজারার হিসেবে তিনজন শিক্ষকের নাম প্রস্তাব করা হয় মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. ইমরানুল হক, বর্তমান ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমিন এবং ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. মো. মঞ্জুর মোরশেদ ভূঁইয়া।
জরিপে মোট ৩৪৯ জন শিক্ষার্থী অংশ নেন। এর মধ্যে অধ্যাপক ড. ইমরানুল হক ৩১৭টি ভোট পেয়ে মোট ভোটের প্রায় ৯১ শতাংশ অর্জন করেন। অন্যদিকে অধ্যাপক ড. সাবিনা শরমিন পান ১৪টি ভোট (প্রায় ৪ শতাংশ) এবং অধ্যাপক ড. মো. মঞ্জুর মোরশেদ ভূঁইয়া পান ১৮টি ভোট (প্রায় ৫ শতাংশ)।
এই ফলাফল থেকে শিক্ষার্থীদের বড় একটি অংশ ট্রেজারার হিসেবে অধ্যাপক ড. ইমরানুল হককে দেখতে আগ্রহী এমন ইঙ্গিত পাওয়া যায়। তবে এটি শিক্ষার্থীদের একটি অনানুষ্ঠানিক অনলাইন মতামত জরিপ। ট্রেজারার নিয়োগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
অধ্যাপক ড. ইমরানুল হক বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চেয়ারম্যান, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এবং বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সেলের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি শিক্ষক সমিতির কোষাধ্যক্ষের দায়িত্বও পালন করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে ২০০৭ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগ দেন এবং ২০২১ সালে অধ্যাপক পদে উন্নীত হন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নিয়োগপ্রাপ্ত প্রথম শিক্ষক হিসেবে পরিচিত।
শিক্ষাজীবনে তিনি ডেনমার্কের অ্যালবর্গ বিশ্ববিদ্যালয় থেকে ২০১২ সালে ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনিউরশিপ বিষয়ে এমএসসি এবং ২০২০ সালে ইন্টারন্যাশনাল বিজনেস ম্যানেজমেন্ট বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এছাড়া দেশি-বিদেশি বিভিন্ন গবেষণা প্রকল্পে সিনিয়র রিসার্চ ফেলো ও পিএইচডি ফেলো হিসেবে কাজ করেছেন। দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন জার্নালে তার ৭৪টি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর রিসার্চ অ্যাওয়ার্ড অর্জন করেন।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন মহলের মতে, প্রশাসনিক অভিজ্ঞতা, গবেষণায় অবদান এবং শিক্ষার্থীদের মধ্যে গ্রহণযোগ্যতার কারণে অধ্যাপক ড. ইমরানুল হক ট্রেজারার পদের আলোচনায় অন্যতম শক্তিশালী নাম হিসেবে উঠে এসেছেন। তবে শেষ পর্যন্ত কে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ট্রেজারার হবেন, তা নির্ধারণ করবে সংশ্লিষ্ট নিয়োগকারী কর্তৃপক্ষ।





