ঢাকা | শুক্রবার, ৫ জুন ২০২৬,২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

বকেয়া অবসর ভাতা পাবেন শিক্ষকরা, থোক বরাদ্দ ২ হাজার কোটি টাকা

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, আমরা সব বিষয় নিয়েই খুব শীঘ্রই সংবাদ সম্মেলন করবো। তবে অবসর ভাতা নিয়ে আমরা কাজ শুরু করেছি। মাস খানিকের মত সময় লাগবে। তারপর আমরা একটা অনুষ্ঠানিকতার মধ্য দিয়ে তাদের পুনরায়, যারা ২০২২ খ্রিষ্টাব্দ থেকে পায়নি তাদের আংশিক দিয়ে হলেও শুরু করবো। আমরা থোক বরাদ্দ ২০০০ কোটি টাকা পেয়েছি।

বৃহস্পতিবার (৪ জুন) সচিবালয়ের বাইরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

এ সময় তিনি আরো বলেন, ২০২২ খ্রিষ্টাব্দের পর থেকে কল্যাণ ট্রাস্ট এবং অবসর ভাতা, সেই অনুদানগুলো দেয়া হচ্ছিলো না। সেখান থেকে প্রায় বেশ কয়েক হাজার কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। প্রাইভেট ব্যাংকে দিয়ে সেটা নষ্ট করে দেয়া হয়েছিলো। যেটা ১৯৯১ খ্রিষ্টাব্দ থেকে দেশমাতা বেগম খালেদা জিয়া অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য ব্যবস্থা করেছিলেন। আমাদের কাছে যে অর্থ সংকুলান আছে আমরা তা দিয়ে এই অবসর ভাতা এবং কল্যাণ ট্রাস্ট আবার চালু করবো এই বিষয়ে আলোচনা করেছি। এবং প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন খুব শীঘ্রই তাদের এ টাকার ব্যবস্থা করবেন।