দেশের প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে পাটের তৈরি ব্যাগ ও স্কুল ড্রেস বিতরণ সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় ব্যাগের স্যাম্পল দেখানো হয়। যেখানে ব্লু কালারের ব্যাগ ছেলেদের, আর পিংক মেয়েদের মাঝে বিতরণ করা হবে।
বুধবার (২৯ এপ্রিল) সকালে মন্ত্রণালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, শিক্ষার তিন সচিব, এলজিআরডি সচিব ও বিজিএমইএ নেতৃবৃন্দ।
আগামী জুলাই থেকে প্রতিটি উপজেলায় দুটি করে স্কুলে শিক্ষার্থীদের মাঝে পাটের তৈরি ব্যাগ ও স্কুল ড্রেস বিতরণ কর্মসূচি শুরু করবে সরকার। স্কুল নির্বাচন করবে স্থানীয় প্রশাসন।
জানা যায়, প্রথম মাসে এক লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ব্যাগ ও ড্রেস দেয়া হবে। সরকারের এই কার্যক্রমে প্রথম ধাপে প্রতি উপজেলার দুটি স্কুল পাবে। পর্যায়ক্রমে সব প্রাথমিক স্কুলের শিক্ষার্থীকে এ কার্যক্রমের আওতায় আনা হবে।
প্রধানমন্ত্রীর নির্দেশনায় ‘মেড ইন বাংলাদেশ’ পণ্য ব্যবহারে উৎসাহিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান মাহদী আমিন। বলেন, এর মাধ্যমে দেশীয় শিল্পকে উৎসাহিত করার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে সমতা ও ন্যায্যতার বার্তা পৌঁছে দেয়া হবে। ধনী-দরিদ্র বৈষম্য কমাতে এটি ভূমিকা রাখবে।






