ঢাকা | শুক্রবার, ১ মে ২০২৬,১৮ বৈশাখ ১৪৩৩

প্রশ্ন বিতরণে অনিয়ম, ৪ শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি

মাদারীপুর জেলার কালকিনি উপজেলায় দায়িত্বে অবহেলা ও পরীক্ষা নিতে অনিয়মের অভিযোগে চারজন শিক্ষককে অব্যাহতি দিয়েছে প্রশাসন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফ উল আরেফীন।

তিনি বলেন, উপজেলার সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়কেন্দ্রে দায়িত্ব পালনকারীদের অব্যাহতি দেওয়া হয়েছে।

অব্যাহতি পাওয়া শিক্ষকরা হলেন-কেন্দ্র সচিব শ্যামা প্রসাদ পাল মিন্টু, হল সুপার মো. নাসির উদ্দীন, সহকারী শিক্ষক দিলীপ বৈরাগী এবং সহকারী শিক্ষক ইজাজুল হক।

তিনি জানান, চলতি বছরের এসএসসি পরীক্ষার ভোকেশনাল শাখার ‘বাংলাদেশ ও বিশ্ব পরিচয়’ বিষয়ের পরীক্ষার দিন প্রশ্নপত্র বিতরণে অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

জানা গেছে, অব্যাহতি পাওয়া শ্যামা প্রসাদ পাল মিন্টু কালকিনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

মো. নাসির উদ্দীন গোপালপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং একই কেন্দ্রের হল সুপার ছিলেন। এছাড়া দিলীপ বৈরাগী (কালিনগর ফাঁসিয়াতলা উচ্চ বিদ্যালয়) ও ইজাজুল হক (ক্রোকিরচর উচ্চ বিদ্যালয়) কক্ষ পরিদর্শকের দায়িত্বে নিয়োজিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফীন জানান, প্রশ্ন বিতরণে অনিয়মের ঘটনায় চারজন শিক্ষককে তাৎক্ষণিকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিষয়টি খুবই স্পর্শকাতর।