কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে এ বছর ১০ জন শিক্ষক ও উচ্চশিক্ষার শিক্ষার্থীকে তুরস্কের Tokat Gaziosmanpaşa University (TOGU) এর Visiting Scholar Program (VSP)-এ অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক দপ্তর ও আইকিউএসি’র যৌথ আয়োজনে অনুষ্ঠিত এক সেমিনারে অংশ নিয়ে আজ এ তথ্য জানান TOGU-এর র্যাংকিংস অ্যান্ড প্রোটোকল অফিসের প্রধান ড. মারভে কোনইয়ার।
TOGU-এর Visiting Scholar Program সম্পর্কে শিক্ষক ও শিক্ষার্থীদের বিস্তারিত ধারণা দিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল অডিটোরিয়ামে আয়োজিত সেমিনারে তুরস্ক থেকে অনলাইনে যুক্ত ছিলেন ড. মারভে কোনইয়ার এবং VSP প্রোগ্রামের পরিচালক এমিনে দেমির।
সেমিনারে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী, ট্রেজারার অধ্যাপক ড. মো. সোলাইমান, প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম, আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সায়েদুর রহমান, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক ও শিক্ষার্থীরা। অনুষ্ঠান পরিচালনা করেন আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মশিউর রহমান।
সেমিনারে উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, এটি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে। শিক্ষক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে এ অর্জন আরও অর্থবহ হবে। তিনি বলেন, তুরস্ক ছাড়াও চীনসহ আরও কয়েকটি দেশের সঙ্গে একাডেমিক সহযোগিতা বাড়ানোর চেষ্টা চলছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে বিশ্ববিদ্যালয় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও শক্ত অবস্থান তৈরি করতে পারবে।
আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মশিউর রহমান বলেন, গত প্রায় ছয় মাস ধরে বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যে সমঝোতা ও একাডেমিক সহযোগিতার উদ্যোগ নেওয়া হয়েছে, এটি তার প্রথম বাস্তব ফল। তিনি বলেন, এ কর্মসূচিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং মাস্টার্স ও পিএইচডি পর্যায়ের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। অনেকের কাছেই এ ধরনের সুযোগ নতুন হওয়ায় সেমিনারের মাধ্যমে একটি প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে। একই সঙ্গে তুরস্ক থেকে যুক্ত অতিথিরা কর্মসূচির বাস্তবায়ন প্রক্রিয়া তুলে ধরেন এবং অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
ড. মারভে কোনইয়ার বলেন, এ বছর কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে ১০ জনকে VSP-এ অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। তাঁরা TOGU-এর অতিথি হিসেবে সেখানে যাবেন। তিনি আশা প্রকাশ করেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এ চুক্তি ও একাডেমিক সহযোগিতা দুই প্রতিষ্ঠানের জন্যই ইতিবাচক ফল বয়ে আনবে। আলোচনা শেষে কোনইয়ার, সেমিনারে উপস্থিত অতিথিদের প্রোগ্রাম সম্পর্কিত নানান প্রশ্নের উত্তর দেন।
আন্তর্জাতিক সম্পর্ক দপ্তর সূত্রে জানা গেছে, আবেদনের শেষ তারিখ ২৫ এপ্রিল নির্ধারণ করা হলেও সময়সীমা আরও কিছুদিন বাড়ানো হতে পারে। এ কর্মসূচিতে অংশগ্রহণের মেয়াদ হবে সর্বনিম্ন ৭ দিন থেকে সর্বোচ্চ ২ মাস। এই সময়ে একাডেমিক কার্যক্রমে প্রয়োজনীয় সহযোগিতার পাশাপাশি অংশগ্রহণকারীদের আবাসন ও খাদ্যের ব্যবস্থা করবে তুরস্কের এই বিশ্ববিদ্যালয়।





