ঢাকা | মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬,৮ বৈশাখ ১৪৩৩

সংসদ অধিবেশন দেখার সুযোগ পাচ্ছে শিক্ষার্থীরা: মানতে হবে যেসব নিয়ম

ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশন প্রত্যক্ষকরণের লক্ষ্যে ঢাকা মহানগরীর শিক্ষা প্রতিষ্ঠান থেকে পর্যায়ক্রমে মোট ১৫০ জন শিক্ষার্থী অংশ নিতে পারবেন। এর মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে ১০০ জন, কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে ২৫ জন এবং মাদরাসা শিক্ষা অধিদপ্তর থেকে ২৫ জন শিক্ষার্থী সুযোগ পাবেন। প্রতি প্রতিষ্ঠান থেকে ২৫ জন করে শিক্ষার্থীকে মনোনীত করা হবে, যা সংসদ সচিবালয়ের চিঠির সম্মতির আলোকে কার্যকর করা হবে।

সোমবার (২০ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের চাহিদার ভিত্তিতে শিক্ষার্থীদের সংসদ অধিবেশন প্রত্যক্ষকরণের সুবিধার্থে দর্শনার্থী গ্যালারি হতে শিশু গ্যালারির ৫০টি এবং শিউলী/শিমুল গ্যালারির ১০০টি আসনসহ মোট ১৫০টি আসন বরাদ্দ গ্রহণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সংসদ অধিবেশন দেখতে শিক্ষার্থীদের প্রবেশের জন্য বেশ কিছু নিয়ম মানতে হবে।

নিয়মগুলো হলো- জাতীয় সংসদ ভবন ভিজিট নীতিমালা-২০১৮ এর ৩.১ (খ) অনুযায়ী প্রতিষ্ঠানের প্যাডে পরিদর্শনকারীর তালিকা সংযুক্ত করে আবেদন এবং কমপক্ষে সাত কার্যদিবস পূর্বে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় বরাবর আবেদন করতে হবে।

আবেদনে প্রতিষ্ঠানের পরিদর্শনকালীন ফোকাল পয়েন্ট কর্মকর্তার নাম, পদবি ও মোবাইল নম্বর এবং প্রযোজ্যক্ষেত্রে দর্শনার্থীদের জাতীয় পরিচয়পত্র/ জন্মনিবন্ধন এবং স্টুডেন্ট আইডি কার্ডের ফটোকপি সংযুক্ত থাকতে হবে।

প্রবেশ পথে নিরাপত্তা তল্লাশির মধ্য দিয়ে যেতে হবে;

পরিদর্শনকালে ভবনের ভিতর মোবাইল ফোন, ক্যামেরা, ইলেক্ট্রনিক্স গ্যাজেট, ব্যাগ কোন প্রকার ধারালো বস্তু বা খাবার বহন করা যাবে না;

মার্জিত ও শালীন পোশাক পরিধান করা বাঞ্ছনীয় এবং প্রযোজ্যক্ষেত্রে শিক্ষার্থীদের ইউনিফর্ম পরিধানপূর্বক স্টুডেন্ট আইডি কার্ড প্রদর্শিত অবস্থায় রাখতে হবে।

সংসদ ভবনের ভেতর শোরগোল করা বা যত্রতত্র ঘোরাফেরা করা নিষেধ এবং দায়িত্বরত গাইড বা কর্মকর্তাদের নির্দেশ মেনে চলতে হবে।

কর্তৃপক্ষ কোন কারণ দর্শানো ব্যতিরেকে এই অনুমোদন বাতিল করার ক্ষমতা রাখে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।