টেন্ডার না পেয়ে ভয় দেখানোর জন্যই সন্ত্রাসী রুবেল গ্রুপ ভাড়াটে খুনি দিয়ে হামলা করে রাজধানীর মহাখালীর জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের উপ-পরিচালক ডা. আহমেদ হোসেনের ওপর। এ হামলার জন্য ২০ হাজার টাকার চুক্তি হয়। কুপিয়ে জখমের ২৪ ঘণ্টার মধ্যে হামলার সাথে জড়িত ৫ জনকে গ্রেফতারের পর এসব তথ্য দিয়েছে র্যাব
মঙ্গলবার (২১ এপ্রিল) র্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নেয়ামুল হালিম খান বলেন, হাসপাতালের টেন্ডার নিয়ে দ্বন্দ্ব রুবেল ও মোহায়েম গ্রুপের। দীর্ঘদিন ধরে সন্ত্রাসী রুবেল ভয় দেখিয়ে অবৈধভাবে টেন্ডার দখল করে আসছিল। এবার মোনায়েম ট্রেডার্সকে টেন্ডার দেয়ার কারণে ডা. আহমেদকে বিদেশি নাম্বার থেকে ফোন করিয়ে হুমকি দিতে থাকে রুবেল। পরে রুবেল গ্রুপ ২০ হাজার টাকায় ভাড়াটে খুনি দিয়ে আহমেদ হোসেনের ওপর হামলা করে।
তিনি বলেন, এ ঘটনার ফুটেজ সামাজিক মাধ্যমে ভাইরাল হলে তৈরি হয় চাঞ্চল্য। ছায়া তদন্তে নেমে ফুটেজ পর্যালোচনা করে অভিযানে নামে র্যাব। ২৪ ঘন্টার মধ্যেই রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় পাঁচ জনকে। আরও কেউ জড়িত কিনা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।
আরও পড়ুন: রাজধানীতে ক্যানসার হাসপাতালের উপপরিচালককে কুপিয়ে জখম
সোমবার (২০ এপ্রিল) দুপুরে রাজধানীর মহাখালীর জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের উপ-পরিচালক ডা. আহমদ হোসেন অফিস থেকে বাসায় যাচ্ছিলেন। এসময় তার পিছু নেয় দুই মুখোশধারী।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পুরাতন ক্যাম্পাসের পেছনের রাস্তায় পৌঁছাতেই ছুরি দিয়ে আঘাত করতে থাকে একজন। পরে তার সাথে যুক্ত হন অপরজনও। দুজনই কুপিয়ে পালিয়ে যায়। হাত ও পিঠে জখম নিয়ে আহমদ হোসেনকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে।



