রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ফ্যাসিজমের সঙ্গে যুক্ত শিক্ষক এবং আওয়ামীপন্থী ডিনদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার। বিশ্ববিদ্যালয়ের ৬ জন ডিনের পদত্যাগ নিশ্চিত করা এবং ফ্যাসিজমের সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষকদের অপসারণের দাবিতে তিনি ‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচির ঘোষণা দিয়েছেন।
শনিবার (২০ ডিসেম্বর) রাতে সালাহউদ্দিন আম্মার তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে এই ঘোষণা দেন।
পোস্টে উল্লেখ করা হয়, আগামীকাল (রবিবার) সকাল ১০টায় রাকসু ভবনের সামনে থেকে কর্মসূচি শুরু হবে।
এতে আম্মার লেখেন, আগামীকাল আওয়ামীপন্থী ৬ জন ডিনের পদত্যাগ নিশ্চিত করা হবে। রাবি প্রশাসন দেড় বছর সময় পেয়েছে, এখন সময় বিপ্লবীদের।
তিনি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী, শিক্ষক ও শুভানুধ্যায়ীদের সকাল ১০টায় রাকসু ভবনের সামনে উপস্থিত থাকার আহ্বান জানান।
এ ছাড়া ফ্যাসিবাদের সঙ্গে জড়িত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের চিহ্নিত করতে সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন রাকসু জিএস।
অভিযুক্তদের নাম, কর্মস্থল, বর্তমান পদবি, ঠিকানা এবং ফ্যাসিজমের সঙ্গে যুক্ত থাকার প্রমাণাদি সরাসরি তার ফেসবুক ইনবক্স অথবা পোস্টে উল্লেখ করা হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠানোর অনুরোধ জানানো হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে তিনি শহীদ ওসমান হাদির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, আওয়ামী লীগের প্রতি নমনীয়তা সাধারণ শিক্ষার্থীদের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক সংস্কার, জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করতেই এই কঠোর কর্মসূচি নেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
এর আগে, শুক্রবার ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে সালাহউদ্দিন আম্মার বলেন, বিশ্ববিদ্যালয়ে আওয়ামী ফ্যাসিবাদের মদদপুষ্ট কোনো শিক্ষক, কর্মকর্তা বা কর্মচারী কর্মরত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর কর্মসূচি নেওয়া হবে।






