হলের সুষ্ঠু, নিরাপদ ও শিক্ষার্থীবান্ধব পরিবেশ বজায় রাখার জন্য ধূমপান ও মাদক সেবন নিষিদ্ধ করা হয়েছে। হল প্রশাসনের এক বিবৃতিতে বলা হয়, হল প্রাঙ্গণে ধূমপান করতে দেখা গেলে সরকার প্রচলিত আইন অনুযায়ী সর্বনিম্ন ৫০ টাকা থেকে সর্বোচ্চ ৩০০ টাকা পর্যন্ত জরিমানা করা হবে।
হল প্রাঙ্গণে প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হল। নিয়ম অমান্য করলে শাস্তি হিসেবে জরিমানা আদায় করা হবে বলেও জানানো হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) এক বিবৃতিতে এই ঘোষণা দিয়েছে হল প্রশাসন।
এছাড়া ইয়াবা, গাঁজা, হেরোইন বা অন্য প্রকার মাদকদ্রব্য সেবন এবং সংরক্ষণের প্রমাণ পেলে সংশ্লিষ্ট শিক্ষার্থীকে তার অভিভাবকের উপস্থতিতে হল থেকে বহিষ্কার করা হবে বলেও জানানো হয় বিবৃতিতে।
হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. ফারুক শাহ জানান, শিক্ষার্থীদের থেকে অভিযোগ এসেছে, হল প্রাঙ্গণ বা ক্যান্টিনের সামনে অনেকে ধূমপান করে। এতে হলের স্বভাবিক পরিবেশ নষ্টের পাশাপাশি অধূমপায়ীদের জন্য সমস্যা তৈরি হচ্ছে। এই কারণে দেশের প্রচলিত আইন অনুযায়ী নিয়মটা জারি করা হয়েছে। এটাতো নতুন কিছু নয়। হঠাৎ করে এই নিয়ম চালুর কারণ হলো শিক্ষার্থীদের সতর্ক করা। অনেকে ব্যক্তিগত জায়গা থেকে ধূমপান পছন্দ করতে পারে। কিন্তু তাতে অন্য কারো ক্ষতি না হোক, সে কারণেই এই উদ্যোগ।
এর আগে ঢাবির এফ রহমান হলেও ধূমপান ও মাদক সেবনে নিষেধাজ্ঞা দিয়েছিল হল প্রশাসন। তবে প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
কিছু শিক্ষার্থী এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, কারো সিগারেট খেতে ইচ্ছা করলে নিজ দায়িত্বে খাবে, যাতে কারো ক্ষতি না হয়।
কেউ আবার সমালোচনা করে বলেন, হল প্রাঙ্গণ বলতে কী বোঝায় এটা নিয়ে বিবৃতিতে স্পষ্ট কিছু নেই। এই ইস্যু নিয়ে মব বা ঝামেলা তৈরি হতে পারে। আমার মনে হয় না, হলে কেউ সিগারেট খেয়ে কারো ক্ষতি করছে কিংবা অধূমপায়ীদের কাছে গিয়ে কেউ ধূমপান করে। এটুকু শালীনতা বেশিরভাগ শিক্ষার্থীরই আছে। তবে এই নিয়ম করে অনেকটাই ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করেছে হল প্রশাসন।





