ঢাকা | বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬,৩ বৈশাখ ১৪৩৩

রাতের ফ্লাইটেই ফিরছেন মুশফিক, জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে জেদ্দা বিমানবন্দরে আটকা পড়া মুশফিকুর রহিমের সঙ্গ কথা হয়েছে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের। তিনি জানালেন, রাতের ফ্লাইটে রওনা হয়ে সোমবার সকালেই দেশে ফিরবেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান।

ওমরাহ করতে কিছুদিন আগে মক্কায় যান মুশফিক। সামাজিক মাধ্যমে শনিবার তিনি জানান, জেদ্দা থেকে দুবাই হয়ে দেশে ফেরার পথে যুদ্ধের কারণে তার ফ্লাইট আবার জেদ্দায় ফিরে গেছে। দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা ও উৎকণ্ঠার কথাও উল্লেখ করেছিলেন দেশের সফলতম ব্যাটসম্যান।

ক্রীড়া প্রতিমন্ত্রী ও সাবেক ফুটবলার আমিনুল রোববার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন, মুশফিকের দেশে ফেরার ব্যবস্থা হয়েছে।

“আমি নিজেই পরিপূর্ণভাবে এটি ওয়াকিবহাল ও পরিপূর্ণভাবে নিজেই এটি মনিটর করছি। মুশফিকুর রহিমের সঙ্গে আমার কথা হয়েছে, ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা হয়েছে। আজকে রাতের একটি ফ্লাইটে মুশফিক আগামীকাল সকালেই দেশে ফিরতে পারবে বলে আশা করছি।”

“এখনও পর্যন্ত মুশফিকুর রহিম ভালো আছে, সুস্থ আছে। আমাদের অন্যান্য যারা বিভিন্ন জায়গায় রয়েছেন, শ্রীলঙ্কা থেকে শুরু করে আমাদের খেলোয়াড়রা বা বাংলাদেশিরা, বিভিন্নভাবে এই জটিলতার কারণে আটকে আছেন, আমরা আশা করি সবাই যেন সুস্থভাবে দেশে ফিরে আসেন। সবার প্রতি আমার শুভ কামনা এবং মুশফিক কালকে সকালেই দেশে ফিরে আসবে আশা করি।”

মুশফিক শনিবার সামাজিক মাধ্যমে লিখেছিলেন, তার সঙ্গে বাংলাদেশের আরও অনেকেই আটকা পড়েছেন বিমান বন্দরে।

“কিছু দিন আগে ওমরাহ হজ করার জন্য আমি মক্কা এসেছিলাম। আলহামদুলিল্লাহ, হজ শেষ করে আজ দুবাই হয়ে বাংলাদেশের পথে রওনা হই। জেদ্দা থেকে দুবাইয়ের পথে আমাদের বিমান উড়াল দিয়েছিল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের কারণে সব ফ্লাইট জেদ্দায় ফিরে এসেছে। এখন আমি হাজারও যাত্রীর সঙ্গে জেদ্দা বিমানবন্দরে আছি… সর্বশক্তিমান আল্লাহই কেবল জানেন, কখন ও কীভাবে অন্য বাংলাদেশীদের সঙ্গে ঢাকায় ফিরতে পারব।”