ঢাকা | বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬,৩ বৈশাখ ১৪৩৩

তেল-গ্যাস মজুতের দায়ে তিন ব্যবসায়ীকে জরিমানা

অনুমতির চেয়ে বেশি জ্বালানি তেল, এলপিজি গ্যাস এবং ভোজ্য তেল মজুত ও চড়া দামে বিক্রির দায়ে বরিশালে তিন ব্যবসায়ীকে ৮৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৫ এপ্রিল) দুপুর পৌনে ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উপজেলার দেহেরগতি ও রহমতপুর ইউনিয়নে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই), বরিশাল জেলা কার্যালয় ও উপজেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করে।

এনএসআই জেলা কার্যালয় জানিয়েছে, উপজেলার দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া এলাকায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করে বেশি দামে বিক্রি করে আসছিলেন ডিলার মো. মনির সরদার। অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই ইউনিয়নের নতুনহাট এলাকায় ‘এস এ কর্পোরেশন’ নামক প্রতিষ্ঠানের গোডাউনে অভিযান চালিয়ে অনুমোদিত ৪০টি গ্যাস ভর্তি সিলিন্ডার থাকার কথা থাকলেও সেখানে ৩৫০ থেকে ৪০০টি গ্যাস ভর্তি সিলিন্ডার পাওয়া যায়। এসময় ডিলার মো. আসিফ ইকবালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

রহমতপুর ইউনিয়নের ‘এস এম ট্রেডার্স’ নামক ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৩ হাজার লিটার ভোজ্য তেল অবৈধভাবে মজুত রাখার সত্যতা পাওয়া যায়। অপরাধ স্বীকার করায় প্রতিষ্ঠানের মালিক এসএম মাহবুব আলমকে ২৫ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি সতর্ক করা হয়।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার তামান্না জানান, অবৈধ মজুতদার ও বাজারে অস্থিরতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। নিয়মিত এই অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।