ঢাকা | বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬,২৫ ভাদ্র ১৪৩৩

জুয়া প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের নির্দেশনা

শিক্ষাপ্রতিষ্ঠানে জুয়া প্রতিরোধের লক্ষ্যে প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশনা দেয়া হয়েছে। সব কারিগরি ইনস্টিটিউট, স্কুল অ্যান্ড কলেজের প্রধানদের ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ এর দায়িত্বগুলোর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) কারিগরি শিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে এ তথ্য জানা যায়। চিঠিটি সব ইঞ্জিনিয়ারিং কলেজ, টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজ, সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, সরকারি সার্ভে ইনস্টিটিউট, সরকারি গ্রাফিক আর্টস ইনস্টিটিউট, বাংলাদেশ সরকারি ইনস্টিটিউট অব গ্লাস অ্যান্ড সিরামিকস, সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ও বগুড়া ভোকেশনাল টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষকে পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬ (২০২৬ সনের ৯৮ নং আইন)’-এর ৪৩ ধারায় বর্ণিত দায়িত্বগুলোর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য এ দপ্তরাধীন প্রতিষ্ঠানগুলোকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

চিঠির সঙ্গে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ এর গেজেট সংযুক্ত করে দেওয়া হয়েছে।