৫১তম বি.সি.এস. (বিশেষ) এর লিখিত পরীক্ষার (এমসিকিউ) পরীক্ষার্থীদের জন্য দেওয়া হয়েছে বিশেষ নির্দেশনা। আগামী ১১ ডিসেম্বর সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত শুধু ঢাকা কেন্দ্রের ২৫টি হলে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সরকারি কর্ম কমিশন (পিএসসি) এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
নির্দেশনায় বলা হয়, পরীক্ষার হলে সব ইলেকট্রনিক যোগাযোগ যন্ত্র, মোবাইল ফোন, সব প্রকার ঘড়ি, ক্যালকুলেটর, বই-পুস্তক, ব্যাগ, চাবি, মানিব্যাগ, গহনা, ব্রেসলেট এবং ক্রেডিট বা ডেবিট কার্ডসদৃশ কোন ডিভাইস আনা সম্পূর্ণ নিষিদ্ধ। নিষিদ্ধ সামগ্রীসহ কোন পরীক্ষার্থী পরীক্ষার হলে প্রবেশ করতে পারবেন না; পরীক্ষা হলের গেটে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও পুলিশের উপস্থিতিতে প্রবেশপত্র এবং মেটাল ডিটেক্টরের সাহায্যে মোবাইল ফোন, ঘড়ি, ইলেকট্রনিক ডিভাইসসহ নিষিদ্ধ সামগ্রী তল্লাশির মধ্য দিয়ে পরীক্ষার্থীদের পরীক্ষার হলে প্রবেশ করতে হবে; পরীক্ষার দিন উল্লিখিত নিষিদ্ধ সামগ্রী সঙ্গে না আনার জন্য সব পরীক্ষার্থীর মোবাইল ফোনে এসএমএস পাঠানো হবে। এসএমএস বার্তার নির্দেশনা অনুসরণ করতে হবে; পরীক্ষার সময় পরীক্ষার্থীরা কানের ওপর কোন আবরণ রাখবেন না, কান খোলা রাখতে হবে। কানে কোন ধরনের হিয়ারিং এইড ব্যবহারের প্রয়োজন হলে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শপত্রসহ আগেই কমিশনের অনুমোদন নিতে হবে।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, পরীক্ষার হলে কোন পরীক্ষার্থীর থেকে নিষিদ্ধ সামগ্রী পাওয়া গেলে তা বাজেয়াপ্তসহ বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪ এর বিধি ভঙ্গের কারণে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর প্রার্থিতা বাতিলসহ ভবিষ্যতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কর্তৃক গৃহীতব্য সব নিয়োগ পরীক্ষার জন্য এ পরীক্ষার্থীকে অযোগ্য ঘোষণা করা হবে। এছাড়া, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আইন, ২০২৩ এর ধারা-১০, ১১, ১২, ১৩ ও ১৪ অনুযায়ী কোন অপরাধ সংঘটন করলে বা সংঘটনে সহায়তা করলে, তিনি যে ধারার অধীন অপরাধ সংঘটন করবেন বা সংঘটনে সহায়তা করবেন, সে ধারায় বর্ণিত দন্ডে দন্ডিত হবেন।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, সকাল সাড়ে ৯টার মধ্যে সব পরীক্ষার্থী পরীক্ষার হলে প্রবেশ করবেন। উল্লেখ্য সাড়ে ৯টার পর হলে প্রবেশের সকল গেট বা ফটক বন্ধ হয়ে যাবে।






