ঢাকা | মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬,২১ আশ্বিন ১৪৩৩

৪৯তম বিশেষ বিসিএস: বাদ পড়া আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

বাদ পড়া আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়।

গত বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, ৪৯তম বিসিএসের বিশেষ শিক্ষা ক্যাডারে প্রজ্ঞাপন থেকে বাদপড়া ৪৬ জনের গেজেট সোমবার প্রকাশ করা হবে।

তিনি বলেন, পাবলিক সার্ভিস কমিশন থেকে ৬৬৫ জনকে উত্তীর্ণ করা হয়েছে। ৮ জন মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হয়নি। এতে থাকে ৬৫৭ জন। রাজনৈতিক পরিচয়ে কোনো বৈষম্য করা হয়নি। প্রজ্ঞাপন কয়েক ধাপে জারি করা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একজন সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিয়ে বলেছেন আত্মহত্যা করবেন। যারা উত্তেজনা সৃষ্টির জন্য সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করছে, তাদের মধ্যে তিনি একজন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হলে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠনের পদধারী নেতা ছিলেন। সে রাজনৈতিক পরিচয়ের কারণে তিনি সন্দেহ করে নিয়েছেন, তাকে আর নিয়োগপত্র দেয়া হবে না।

সালাহউদ্দিন আহমদ বলেন, আগেও বলেছি, এখনও ঘোষণা করছি কোনো রাজনৈতিক পরিচয়ে কারো প্রতি বৈষম্য সৃষ্টি করা হবে না। কিন্তু ভেরিফিকেশনের জন্য অপেক্ষা করতে হবে। কারো বিরুদ্ধে যদি গুরুতর কোনো অপরাধের অভিযোগ থাকে, পুলিশ ভেরিফিকেশন হয়, সেই ক্ষেত্রে শতকরা ১ জন বা হাজারে দু-একজন সে অপরাধের কারণে বাদও পড়তে পারে।