ঢাকা | মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,৯ আষাঢ় ১৪৩৩

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (২২ জুন) রাত ৯টা ২৮ মিনিট ৫৪ সেকেন্ডে এই ভূমিকম্প হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪। তাৎক্ষণিকভাবে এতে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কোভিদ জানান, রাত ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকায়।

তবে পরে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল নারায়ণগঞ্জের রূপগঞ্জ। ঢাকার আগারগাঁও থেকে এর দূরত্ব ১৬ কিলোমিটার (পূর্বে)।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৪। এর কেন্দ্র ছিল ভূ–পৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।

এর আগে গত ১৮ জুন রাত ৯টা ২৯ মিনিটে ৪ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এ ছাড়া গত ১১ জুন রাত ৯টা ৪০ মিনিটে ৪ দশমিক ৫ মাত্রার ও গত ৭ জুন রাত ১১টা ৩৭ মিনিটে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।