ঢাকা | শনিবার, ১৩ জুন ২০২৬,৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

ডিগ্রি পর্যন্ত অবৈতনিক হচ্ছে নারী শিক্ষা, ভালো রেজাল্টে মিলবে বৃত্তি: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষিত ও স্বাবলম্বী করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী তথা নারীদের পিছিয়ে রেখে কোনোভাবেই দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। নারী শিক্ষার প্রসার ও তাদের আত্মনির্ভরশীল করতে ডিগ্রি (স্নাতক) পর্যায় পর্যন্ত শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ অবৈতনিক অবৈতনিক করা হবে, পাশাপাশি রেজাল্ট অনুযায়ী বৃত্তি প্রদান করা হবে।

শনিবার (১৩ জুন) কক্সবাজার সদরে পাতলী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে সমাবেশে উপস্থিত হয়ে এসব কথা বলেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, ভোটের কালি শুকানোর আগেই নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে বর্তমান সরকার।

নারী শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, নারীরা শিক্ষিত ও স্বাবলম্বী না হলে দেশ এগোবে না, এ লক্ষ্যেই ডিগ্রি পর্যন্ত শিক্ষা ব্যবস্থা অবৈতনিক করা হবে, পাশাপাশি রেজাল্ট অনুযায়ী বৃত্তি প্রদান করা হবে।

এছাড়া গ্রামীণ মায়েদের স্বাবলম্বী করতে ‘ফ্যামিলি কার্ড’ দেয়া হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

বর্তমান সরকার স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায় উল্লেখ করে তিনি বলেন, চিকিৎসা ব্যবস্থার অনেক বিষয়ের ওপর আগের সরকার ট্যাক্স বসিয়েছিলো, বর্তমান সরকার বাজেটে ট্যাক্স তুলে নিয়েছে।

তিনি জানান, চিকিৎসা ব্যয় কমানোর জন্য অনেকে ক্ষেত্রে ট্যাক্স তুলে নেয়া হয়েছে। জুলাই মাস থেকে হৃদরোগ, কিডনি রোগীদের চিকিৎসা ব্যয় অর্ধেকে নামবে।