বগুড়ার সোনাতলায় এসএসসি ইংরেজি প্রথমপত্র পরীক্ষায় ভুল সেটের প্রশ্নপত্র বিতরণকে কেন্দ্র করে বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
রোববার (২৬ এপ্রিল) পরীক্ষা শেষে দুপুরে সোনাতলা সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কেন্দ্র সচিব ও ট্যাগ অফিসারকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার অনুষ্ঠিত এসএসসি ইংরেজি প্রথমপত্র পরীক্ষায় উপজেলার অন্যান্য সব কেন্দ্রে সেট-১ প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হলেও সোনাতলা সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভুলবশত সেট-৩ প্রশ্নপত্র বিতরণ করা হয়। পরীক্ষা শুরুর কিছুক্ষণ পর বিষয়টি জানাজানি হলে পরীক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। পরীক্ষা শেষে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কেন্দ্র প্রাঙ্গণে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা কেন্দ্রের প্রধান ফটক ও কিছু আসবাবপত্র ভাঙচুর করেন।
খবর পেয়ে সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্বীকৃতি প্রামাণিক ঘটনাস্থলে গিয়ে তাৎক্ষণিকভাবে কেন্দ্র সচিব ও সোনাতলা সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহাদুত জামানকে দায়িত্ব থেকে অব্যাহতি দেন। একই সঙ্গে সংশ্লিষ্ট ট্যাগ অফিসারকেও অব্যাহতি দেওয়া হয়।
অব্যাহতি পাওয়া কেন্দ্র সচিব শাহাদুত জামান দাবি করে বলেন, প্রশ্নপত্রের প্যাকেটের বাইরে সেট-১ লেখা থাকলেও ভেতরে সেট-৩ প্রশ্নপত্র ছিল। এ কারণেই এ বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে ইউএনও স্বীকৃতি প্রামাণিক বলেন, ঘটনাটি জানার সঙ্গে সঙ্গেই কেন্দ্র সচিব ও ট্যাগ অফিসারকে পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষার্থী ও অভিভাবকদের বক্তব্য লিখিত আকারে গ্রহণ করা হচ্ছে। সেগুলো শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কাছে পাঠানো হবে।
তিনি আরও বলেন, শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী ওই কেন্দ্রের উত্তরপত্র আলাদাভাবে সংরক্ষণ করা হয়েছে, যাতে পরীক্ষার্থীরা মূল্যায়নের ক্ষেত্রে কোনো ধরনের ক্ষতির শিকার না হন।





