বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ৮ম শিক্ষক নিয়োগ পরীক্ষার (প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান) এমসিকিউ ফলাফল প্রকাশ করেছে। বুধবার (২২ এপ্রিল) রাতে এ ফলাফল প্রকাশ করা হয়। এতে মোট ১৪ হাজার ৯৪২ জন প্রার্থী প্রাথমিকভাবে উত্তীর্ণ হয়েছেন।
সংস্থাটির তথ্য অনুযায়ী, গত ১৮ এপ্রিল অনুষ্ঠিত এ পরীক্ষায় অনলাইনে আবেদন করেন ৫৩ হাজার ৬৯ জন। এর মধ্যে অংশগ্রহণ করেন ৪৮ হাজার ১৪৬ জন পরীক্ষার্থী। প্রকাশিত ফলাফলে উত্তীর্ণ হয়েছেন ১৪ হাজার ৯৪২ জন।
পদভিত্তিক উত্তীর্ণদের রোল নম্বর (মেধাক্রম অনুসারে নয়) এনটিআরসিএর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। পাশাপাশি উত্তীর্ণ প্রার্থীদের মোবাইল ফোনে টেলিটকের মাধ্যমে এসএমএস পাঠিয়ে ফলাফল জানানো হচ্ছে।
এনটিআরসিএ আরও জানিয়েছে, উত্তীর্ণদের মৌখিক পরীক্ষার সময়সূচি পরবর্তীতে তাদের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। প্রয়োজনে বিধি অনুযায়ী প্রকাশিত ফলাফল সংশোধনের অধিকার সংস্থাটি সংরক্ষণ করে।
উল্লেখ্য, দেশের এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পদে নিয়োগের জন্য ১২ হাজার ৯৫১টি শূন্য পদের বিপরীতে এবার প্রথমবারের মতো এ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।






