ঢাকা | মঙ্গলবার, ২৬ মে ২০২৬,১২ জ্যৈষ্ঠ ১৪৩৩

এসএসসি পরীক্ষা কেন্দ্রের সিসি ক্যামেরায় ইন্টারনেট চালু রাখার নির্দেশ

সারা দেশে একযোগে আগামীকাল মঙ্গলবার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে। এ পরীক্ষায় কেন্দ্রের সিসি ক্যামেরার সঙ্গে ইন্টারনেট সংযোগ সার্বক্ষণিক চালু রাখার নির্দেশ দেয়া হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। চিঠিতে বিষয়টি অতীব জরুরি বলে উল্লেখ করা হয়। এ নির্দেশনা সব কেন্দ্র সচিব ও সংশ্লিষ্টদে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, এসএসসি পরীক্ষা ২০২৬-এর কেন্দ্রগুলোর সিসিটিভির সঙ্গে ইন্টারনেট সংযোগ না থাকায় শিক্ষা মন্ত্রণালয় কন্ট্রোল রুম থেকে কেন্দ্র মনিটরিং কার্যক্রম ব্যাহত হচ্ছে। এমন অবস্থায় কেন্দ্রের সিসিটিভির DVR/NVR-এর সঙ্গে সার্বক্ষণিক ইন্টারনেট সংযোগ চালু রাখার জন্য নির্দেশ দেয়া হলো।

প্রসঙ্গত, এ পরীক্ষায় এবার ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী অংশ নেবেন। সব শিক্ষা বোর্ড মিলিয়ে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন ও ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন। গত বছর এ পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন পরীক্ষার্থী। সে হিসেবে এবছর পরীক্ষার্থী কমেছে ৭১ হাজার ৬২৬ জন।

সূত্র জানায়, নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন। মাদরাসা শিক্ষা বোর্ডে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন ও কারিগরি শিক্ষা বোর্ডে পরীক্ষার্থীরা সংখ্যা ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন।

এবার সারা দেশের কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে পরীক্ষার্থীদের জন্য দেয়া হয়েছে বিশেষ নির্দেশনা।